জুনিয়র এএইচএফ কাপ হকিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ
নারী জুনিয়র এএইচএফ কাপ হকিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ফাইনালে কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা।
ওমানের মাসকটে শনিবার অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই দারুণ ছন্দে ছিল বাংলাদেশ। রাউন্ড রবিন পর্বেও কাজাখস্তানকে ২-১ গোলে হারিয়েছিল দলটি। ফাইনালেও সেই সাফল্যের পুনরাবৃত্তি করে শিরোপা নিশ্চিত করেন শারিকা-আইরিনরা।
ম্যাচের প্রথম কোয়ার্টারের শেষ দিকে ফিল্ড গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আইরিন। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন এমা নাদিরা। এই দুই গোলই শেষ পর্যন্ত শিরোপা নির্ধারণ করে দেয়।
তৃতীয় কোয়ার্টারে দুই দলই সমানতালে লড়াই করলেও গোলের দেখা পায়নি কেউ। চতুর্থ কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে কাজাখস্তান বল জালে জড়ালেও ভিডিও রিভিউয়ে গোলটি বাতিল হয়ে যায়। ফলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
এটি এশিয়ান হকির যুব পর্যায়ে বাংলাদেশের নারী দলের সর্বোচ্চ সাফল্য। ২০১৯ সালে নারী হকি দলের যাত্রা শুরু হওয়ার পর জুনিয়র এএইচএফ কাপে গত আসরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। এবার সেই আক্ষেপ ঘুচিয়ে প্রথমবারের মতো ট্রফি জিতল লাল-সবুজের প্রতিনিধিরা।
পুরো টুর্নামেন্টজুড়েই দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। আসরের প্রথম ম্যাচে হংকংকে ৬-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ১-০ এবং তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ৮-০ গোলে বিধ্বস্ত করে দলটি। এরপর রাউন্ড রবিনে কাজাখস্তানকে হারিয়ে ফাইনালে ওঠে এবং শিরোপা নির্ধারণী ম্যাচেও একই প্রতিপক্ষকে হারিয়ে ইতিহাস গড়ে।
মতামত দিন