চীনের কাছে হারলেও মন জিতে নিয়েছে মেয়েরা
নারী এশিয়ান কাপে ইতিহাসের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। প্রতিপক্ষ ছিল নয়বারের চ্যাম্পিয়ন চীন। শক্তিশালী এই দলের বিপক্ষে ২-০ গোলে হারলেও সাহসী লড়াইয়ে সমর্থকদের মন জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
সিডনির কমব্যাংক স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল চীন। ডান-বাম দিক দিয়ে বারবার আক্রমণ তুলে তারা চাপ তৈরি করে। চতুর্থ মিনিটেই প্রথম কর্নার পায় তারা। তবে গোলরক্ষক মিলি ও ডিফেন্ডার নবীরুনদের দৃঢ়তায় শুরুতে সেই চাপ সামলে নেয় বাংলাদেশ।
১৮তম মিনিটে বক্সের ভেতর জটলার মাঝে চীনের অভিজ্ঞ মিডফিল্ডার ওয়াং সুয়াংয়ের শট প্রায় গোল হয়ে যাচ্ছিল। কিন্তু ডিফেন্ডার শিউলি আজিম গোললাইন থেকে ডাইভ দিয়ে বল ফিরিয়ে দেন। ২৪ মিনিটে জিন কুনের বাড়ানো বল থেকে ওয়াং সুয়াং হেডে জালে পাঠালেও ভিডিও সহায়তায় অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল হয়।
রক্ষণ সামলে সুযোগ বুঝে আক্রমণেও ওঠে বাংলাদেশ। ১৪তম মিনিটে বাঁ দিক ফাঁকা পেয়ে দূরপাল্লার শট নেন ঋতুপর্ণা চাকমা। গোলমুখে ঢুকে পড়ার আগে চীনের গোলরক্ষক চেন চেন দারুণ দক্ষতায় তা ঠেকিয়ে দেন।
প্রথমার্ধের ৪৪ মিনিট পর্যন্ত শক্তভাবে লড়াই করে বাংলাদেশ। কিন্তু বিরতির ঠিক আগে তিন মিনিটের ঝড়ে ম্যাচের চিত্র বদলে যায়। ৪৪ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ ভাসানো শটে গোল করে চীনকে এগিয়ে দেন ওয়াং সুয়াং। পরের মিনিটেই ঝাং রুইয়ের শট বাংলাদেশের এক ডিফেন্ডারের পায়ে লেগে জালে জড়ালে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে একাদশে পরিবর্তন আনেন কোচ পিটার বাটলার। উমহেলা মারমার বদলে নামেন তহুরা খাতুন, আর শিউলি আজিমের জায়গায় হালিমা আক্তার। ৪৬ মিনিটে আবারও দূরপাল্লার শট নেন ঋতুপর্ণা, তবে বল পোস্ট ঘেঁষে বাইরে যায়। ৫৩ মিনিটে নবীরুনকে তুলে স্বপ্না রানীকে নামানো হয় মাঝমাঠে গতি আনার জন্য। কিন্তু ধীরে ধীরে ক্লান্তি ভর করে দলের ওপর। শারীরিক শক্তিতে এগিয়ে থাকা চীনের বিপক্ষে শেষ পর্যন্ত সেই ঘাটতি পুষিয়ে উঠতে পারেনি বাংলাদেশ।
৬৮ মিনিটে চীনের ঝ্যাং চেনগুয়ের দূরপাল্লার শট চমৎকারভাবে রুখে দেন গোলরক্ষক মিলি। ৭৪ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া পরিস্থিতিতে শামসুন্নাহার জুনিয়রকে ফেলে দেওয়া নিয়ে পেনাল্টির দাবি ওঠে। ভিডিও পরীক্ষার পরও রেফারি সেটিকে পেনাল্টি হিসেবে দেখেননি।
৮৬ মিনিটে নাকে আঘাত পেয়ে মাঠ ছাড়েন হালিমা। তার জায়গায় নামেন সুইডেনপ্রবাসী মিডফিল্ডার আনিকা রানিয়া। বাংলাদেশের জার্সিতে এটিই ছিল তার অভিষেক।
যোগ করা সময়েও আর কোনো গোল হয়নি। ফলে ২-০ ব্যবধানের হার দিয়েই এশিয়ান কাপে পথচলা শুরু করল বাংলাদেশ। তবে হারলেও সাহস, শৃঙ্খলা আর লড়াইয়ের মানসিকতায় মন জয় করেছে বাংলার মেয়েরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে