Views Bangladesh Logo

অবকাঠামোতে ভারতীয় বিনিয়োগ স্বাগত জানাবে বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের অবকাঠামো খাতে ভারতীয় বিনিয়োগকারীরা আগ্রহ দেখালে এবং সেই বিনিয়োগ দেশের জন্য ফলপ্রসূ হলে তা স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার সচিবালয়ে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক, বিদ্যমান সমস্যা এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, অবকাঠামো ছাড়া অর্থনীতি ও বিনিয়োগ এগিয়ে নেওয়া সম্ভব নয়। ঢাকা-চট্টগ্রাম রেলপথ সম্প্রসারণ, নতুন মহাসড়ক, বন্দর ও এলএনজি অবকাঠামোসহ বিভিন্ন খাতে বড় বিনিয়োগ প্রয়োজন। ভারতীয় বিনিয়োগকারীরা এসব খাতে আগ্রহী হলে এবং তা বাংলাদেশের জন্য লাভজনক হলে সহযোগিতাকে স্বাগত জানানো হবে।

বৈঠকে ভারতীয় ব্যবসায়ীরা দুই দেশের স্থলবন্দর দিয়ে পণ্য পরিবহনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে বেনাপোল স্থলবন্দরে কার্গো হ্যান্ডলিংয়ের দক্ষতা বাড়ানোর প্রস্তাব দেন তাঁরা। এসব প্রক্রিয়া সহজ করা গেলে পরিবহন ও কাঁচামালের খরচ কমার পাশাপাশি দুই দেশের বাণিজ্য বাড়বে বলে মনে করেন তাঁরা।

ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের মধ্যে দুটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছেন। একটি ডিজিটাল রূপান্তর এবং অন্যটি বাংলাদেশের অবকাঠামো খাতে ভারতীয় বিনিয়োগ বাড়ানোর বিষয়ে কাজ করবে।

ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, উভয় দেশের উন্নতির স্বার্থে ব্যবসা, বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্ক যত বেশি সম্প্রসারিত করা যায়, সেটিই ভালো।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ