Views Bangladesh Logo

বাংলাদেশ সব দিক থেকেই আমাদের চেয়ে ভালো খেলেছে: অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের কাছে ৯ উইকেটের হারকে নিজেদের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন স্বাগতিক অধিনায়ক প্যাট কামিন্স। চার দিনের ম্যাচে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং, তিন বিভাগেই বাংলাদেশ তাদের চেয়ে ভালো খেলেছে বলে অকপটে স্বীকার করেছেন তিনি।

ম্যাচ শেষে কামিন্স বলেন, প্রথম দিনেই ম্যাচ থেকে অস্ট্রেলিয়া অনেকটা ছিটকে যায়। প্রস্তুতিতে কোনো ঘাটতি ছিল না, কিন্তু ব্যাটিংয়ে দীর্ঘ সময় টিকে থাকতে না পারার কারণেই বড় ক্ষতি হয়েছে।

কামিন্স বলেন, সম্ভবত প্রথম দিনেই আমার মনে হয়েছিল, আমাদের প্রস্তুতি একদম ঠিকঠাক ছিল, কোনো অজুহাত নেই। তারা ভালো খেলেছে। আমাদের আরও বেশি সময় ব্যাট করার উপায় খুঁজে বের করতে হতো। এরপর বল হাতেও আমরা যথেষ্ট চাপ তৈরি করতে পারিনি।

দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে আরও বিশ্লেষণের প্রয়োজন রয়েছে বলেও জানান অস্ট্রেলিয়ার অধিনায়ক। তিনি বলেন, প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষের খেলোয়াড়দের বিপক্ষে নির্দিষ্ট ম্যাচআপ বিবেচনা করা হয়। তবে ম্যাচ শেষ হওয়ার পর বিষয়টি নিয়ে তারা বিস্তারিত পর্যালোচনা করবেন। দ্রুত ঘুরে দাঁড়ানোর ব্যাপারে অবশ্য আত্মবিশ্বাসী কামিন্স। তিনি বলেন, আমরা ঘুরে দাঁড়াতে পারি বেশ ভালোভাবেই।

বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করে কামিন্স বলেন, বাংলাদেশ সব দিক থেকেই আমাদের চেয়ে ভালো খেলেছে। তারা ধৈর্যশীল ও শৃঙ্খলাবদ্ধ ছিল।

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে দলকে বড় বিপর্যয় থেকে কিছুটা টেনে তোলা ক্যামেরন গ্রিনের প্রশংসাও করেছেন কামিন্স। তাঁর মতে, গ্রিনের ব্যাটিংয়ে একজন ভালো ক্রিকেটারের সামর্থ্য ফুটে উঠেছে। তবে তাঁর সঙ্গে আরও দু-একজন ব্যাটার উইকেটে টিকে থাকতে পারলে পরিস্থিতি ভিন্ন হতে পারত।

কামিন্স বলেন, গ্রিনের ব্যাটিংয়ের গতি দেখিয়েছে, সে কতটা ভালো খেলোয়াড়। তার সঙ্গে আমাদের আরও দু-একজনকে উইকেটে টিকে থাকতে হতো।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ