চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ
বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও সম্প্রসারণের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী চীন। অন্যদিকে, চীনের সঙ্গে বাস্তবভিত্তিক সহযোগিতা বাড়িয়ে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা জানিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকায় চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে দুই দেশের প্রতিনিধিরা এসব কথা বলেন। বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং ঢাকায় চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন। পরে চীনা দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে অনুষ্ঠানের বিস্তারিত জানানো হয়।
অনুষ্ঠানে শামা ওবায়েদ ইসলাম বলেন, গত ৭৭ বছরে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীনের অর্জন উন্নয়নশীল দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ শিক্ষণীয় দৃষ্টান্ত। চীনের সঙ্গে বাস্তবভিত্তিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী বাংলাদেশ।
চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের কৌশলগত দিকনির্দেশনায় বাংলাদেশ ও চীনের সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত হয়েছে। ‘নতুন যুগে অভিন্ন ভবিষ্যতের বাংলাদেশ-চীন সম্প্রদায়’ গড়ে তোলার যৌথ উদ্যোগ দ্বিপক্ষীয় সম্পর্কের দীর্ঘমেয়াদি অগ্রগতিতে ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ও উন্নয়ন সহযোগী হিসেবে পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ চীন। দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বাস্তবভিত্তিক সহযোগিতা সম্প্রসারণেও বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত বেইজিং।
অনুষ্ঠানে দুই দেশের প্রতিনিধিদের বক্তব্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক অংশীদারত্ব সম্প্রসারণ এবং বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা উঠে আসে। উভয় পক্ষই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেয়।
মতামত দিন