Views Bangladesh Logo

বিশ্বের জন্য আশার আলো হতে চায় বাংলাদেশ: ইউনূস

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ এখন এমন এক গুরুত্বপূর্ণ সময়ে রয়েছে, যেখানে রাষ্ট্র ও জনগণ—বিশেষ করে তরুণরা—একসঙ্গে একটি নতুন সমাজ গড়তে পারে। এই সমাজ গঠনের জন্য দরকার একটি নতুন সামাজিক চুক্তি, যা হবে ন্যায়বিচার, মর্যাদা, ঐতিহ্য, অন্তর্ভুক্তি এবং সম্ভাবনার ওপর ভিত্তি করে। এমনটাই মনে করেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২২ এপ্রিল) কাতারের দোহায় অনুষ্ঠিত 'আর্থনা সামিট ২০২৫'-এর উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা চাই বাংলাদেশ বিশ্বের জন্য একটি আশার আলো হয়ে উঠুক। আমরা আমাদের বন্ধু ও অংশীদারদের আহ্বান জানাই— আসুন, একসাথে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি। সমাজভিত্তিক ব্যবসা, আর্থিক অন্তর্ভুক্তি এবং ক্ষুদ্রঋণের মাধ্যমে আমরা একটি টেকসই উন্নয়নের পথ তৈরি করতে পারি, যেখানে প্রান্তিক মানুষেরও সম্ভাবনা তৈরি হবে।’

তিনি জানান, এমন একটি সমাজ গড়ে তুলতে হবে যেখানে প্রান্তিক মানুষের ক্ষমতায়ন ও আর্থিক অন্তর্ভুক্তিই হবে মূল ভিত্তি। তবে এই স্বপ্ন পূরণে অনেক চ্যালেঞ্জ রয়েছে বলে সতর্ক করেন ইউনূস।


তিনি বলেন, ‘আমরা এখন এমন এক অনিশ্চিত সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, যেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব বাড়ছে, ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, মানবিক সংকট গভীর হচ্ছে এবং আন্তর্জাতিক সহযোগিতাও হুমকির মুখে। নতুন প্রযুক্তি ও নীতিমালার কারণে অনেক পুরোনো ধারণা এখন আর কার্যকর নয়।’

এই বাস্তবতায় বিশ্ব ও আঞ্চলিক সহযোগিতা নতুনভাবে গড়ে তোলার গুরুত্ব আগের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি বলে মন্তব্য করেন তিনি।

ইউনূস বলেন, চলুন সাহসী হই। এমন এক পৃথিবী গড়ি, যেখানে কেউ এতটাই দরিদ্র নয় যে সে স্বপ্ন দেখতে পারবে না, আর কোনো স্বপ্ন এত বড় নয় যে তা বাস্তবায়ন সম্ভব নয়। ভবিষ্যৎ আমাদের উত্তরাধিকার নয়, বরং আমাদের তৈরি করা একটি পৃথিবী—এ গড়ার কাজে আমাদের প্রত্যেকেরই ভূমিকা আছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সময়ের চ্যালেঞ্জগুলো যত বড়ই হোক, তা মোকাবিলায় মানুষের উদ্ভাবনী শক্তি, সহানুভূতি ও একসঙ্গে কাজ করার ক্ষমতাও অনেক বড়।’

ড. ইউনূস কাতারের প্রশংসা করে বলেন, ‘আর্থনা সামিটের মতো উদ্যোগের মাধ্যমে কাতার দেখাচ্ছে কীভাবে একটি দেশ উদ্ভাবন, ঐতিহ্য এবং অংশীদারিত্বকে কাজে লাগিয়ে জলবায়ু সংকট, বৈষম্য এবং ভবিষ্যতের কাজের দুনিয়া নিয়ে কার্যকর উদ্যোগ নিতে পারে।’

এ সময় তিনি কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন শেখা মোজা বিনতে নাসের এবং ভাইস চেয়ারপারসন ও সিইও শেখ হিন্দ বিনতে হামাদ আল থানিকে ধন্যবাদ জানান, এমন সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ সম্মেলনের আয়োজনের জন্য।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ