Views Bangladesh Logo

আলোচনার মাধ্যমে ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনার সমাধান চায় বাংলাদেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

কাশ্মির ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা আলোচনার মাধ্যমে মাধ্যমে সমাধানের পক্ষে বাংলাদেশ। দুই বন্ধুপ্রতিম দেশ চাইলে বাংলাদেশ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে। তবে তার আগে আগবাড়িয়ে কিছু করার পক্ষে নয় ঢাকা।

রোববার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের অবস্থান স্পষ্ট। আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি চাই। আমরা জানি, ভারত ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন ইস্যুতে দীর্ঘদিন ধরে সংঘাত ও তীব্র উত্তেজনা রয়েছে। কিন্তু আমরা চাই না এখানে কোনো বড় ধরনের সংঘাত সৃষ্টি হোক, যা এ অঞ্চলের মানুষের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। ভারত ও পাকিস্তানের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই, তারা আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করুক। আমরা ইতোমধ্যে দেখেছি, দুই-তিনটি দেশ থেকে মধ্যস্থতার প্রস্তাব এসেছে। মধ্যস্থতার মাধ্যমে হোক বা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে, আমরা চাই উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তি বজায় থাকুক।’

ভারত ও পাকিস্তান উভয়ের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। ইরান ও সৌদি আরব ইতোমধ্যে ভারত-পাকিস্তানের চলমান সমস্যায় মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। বাংলাদেশও কি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, “আমি মনে করি না, এই মুহূর্তে আমাদের মধ্যস্থতাকারীর কোনো ভূমিকা নেয়া উচিত। আমরা চাই, তারা নিজেরাই সমস্যার সমাধান করুক। যদি তারা আমাদের সাহায্য চায়, মধ্যস্থতার জন্য বলে তাহলে হয়তো আমরা এগিয়ে যাব। কিন্তু তার আগে আমরা আগবাড়িয়ে কিছু করতে চাই না।’

ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনা বাংলাদেশের ওপর কোনো প্রভাব ফেলবে কি না-এই প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘আধুনিক যুগে সবকিছুই সবাইকে কম-বেশি প্রভাবিত করে। কাজেই কোনো কিছু আমাদের একটুও প্রভাবিত করবে না, সেটা আমি বলি না। তাদের যে সংঘাত সেটা আমাদের সরাসরি প্রভাবিত করার কিছু নাই। কারণ আমরা এতে কোনো পক্ষ নেইনি। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে যেকোনো সংঘাত বা সম্পর্ক খারাপ হলে প্রভাব পড়ে।’

তিনি আরও বলেন, ‘তবে আমাদের যদি তাদের কাছ থেকে আমদানির কোনো স্বার্থ থাকে, আমরা তা করব।”

বাংলাদেশ-ভারত সীমান্তে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়ার বিষয়ে প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যারা নিরাপত্তা নিয়ে সরাসরি কাজ করেন, তারা হয়তো বলতে পারবেন। এই মুহূর্তে আমার কাছে এমন কোনো তথ্য নেই।’


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ