দুই দেশের জনগণের যোগাযোগই বাংলাদেশ-ভারত সম্পর্কের ভিত্তি: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের মূল ভিত্তি হবে দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পারস্পরিক সম্পর্ক নয়। রোববার (১ মার্চ) সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ককে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে এগিয়ে নেওয়া হবে। অভিন্ন সংস্কৃতি ও ইতিহাসের অংশীদারত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, পারস্পরিক নির্ভরতাকে দুর্বলতা নয়, শক্তি হিসেবে দেখা উচিত এবং সম্পর্কের ভিত্তি হবে অভিন্ন স্বার্থ।
বৈঠকে নিরাপত্তা সহযোগিতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মব হামলা প্রতিরোধ, ভারতীয় ভিসা সেন্টার পুনরায় চালু ও ভিসা প্রদানের হার বৃদ্ধি, সাইবার অপরাধ দমন, সীমান্ত হত্যা বন্ধ, বিজিবি-বিএসএফ সম্মেলন, পুলিশ প্রশিক্ষণ বিনিময়, আইটিইসি প্রোগ্রামের আওতায় দক্ষতা বৃদ্ধি, বন্দি বিনিময় ও ব্যবসা-বাণিজ্য জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় ভিসা সেন্টারগুলো দ্রুত সচল ও ভিসা প্রদানের হার বাড়ানোর অনুরোধ জানান। হাইকমিশনার জানান, নিরাপত্তাজনিত কারণে কিছু সময় ভিসা কার্যক্রম বিঘ্নিত ছিল, তবে পরিস্থিতি উন্নত হওয়ায় পর্যায়ক্রমে সব সেন্টার চালু করা হবে।
ভারতীয় ভিসা আবেদন সংক্রান্ত ওয়েবসাইট হ্যাকের চেষ্টার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ডিএমপি ও সিটিটিসিকে নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার আহ্বান জানান তিনি।
আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতা বৃদ্ধিতে আইটিইসি প্রোগ্রামের আওতায় আরও বেশি প্রশিক্ষণার্থী ভারতে পাঠানোর আশ্বাস দেন মন্ত্রী। বৈঠকে দুই দেশের কূটনীতিক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে