নির্বাচনের পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর: রাশিয়ার সিইসি
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সামগ্রিক পরিবেশ শান্তিপূর্ণ এবং উৎসবমুখর ছিল বলে জানিয়েছে রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন (সিইসি)। রোববার (১৫ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত রুশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১ ও ১২ ফেব্রুয়ারি রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কমিশনার পাভেল আন্দ্রেয়েভের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশ সফর করে। প্রতিনিধিদলটি ঢাকা ও নারায়ণগঞ্জের ৮টি ভোটকেন্দ্রের ৪০টিরও বেশি ভোটকক্ষ পরিদর্শন করে এবং ভোটগ্রহণের শুরু থেকে গণনা পর্যন্ত পুরো প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে।
রুশ পর্যবেক্ষকদের মতে, এই নির্বাচনে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা গেছে। অনেক ভোটার তাদের প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর এটি ছিল তাদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত একটি নির্বাচন। অনেককে সপরিবারে ভোটকেন্দ্রে আসতে দেখা গেছে। পর্যবেক্ষকরা বিশেষভাবে উল্লেখ করেন যে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা কেবল ব্যালট বক্সেই সীমাবদ্ধ ছিল, যা একটি সুস্থ গণতান্ত্রিক চর্চার বহিঃপ্রকাশ।
রুশ প্রতিনিধিদল আরও জানায়, নির্বাচন কর্মকর্তাদের প্রস্তুতি ছিল অত্যন্ত সুদৃঢ়। প্রতিটি কেন্দ্রে জাতীয় আইন ও নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন প্রিসাইডিং কর্মকর্তারা। পোলিং এজেন্টদের উপস্থিতি এবং সমন্বিত কার্যক্রম নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করেছে। সামগ্রিক পরিবেশকে ‘বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক’ হিসেবে অভিহিত করেছেন তাঁরা।
নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করে পর্যবেক্ষকরা জানান, ৯ লাখেরও বেশি পুলিশ ও সেনা সদস্য মোতায়েন থাকায় ভোটাররা নিরাপদ পরিবেশে ভোট দিতে পেরেছেন। বিচ্ছিন্ন কিছু ছোটখাটো ঘটনা ঘটলেও তা সার্বিক নির্বাচনী ফলাফলে কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি।
দ্বিপাক্ষিক সহযোগিতা ও আমন্ত্রণ সফরকালে প্রতিনিধিদলের প্রধান পাভেল আন্দ্রেয়েভ বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে তাঁরা নির্বাচনী মানদণ্ড ও আধুনিক প্রযুক্তি নিয়ে আলোচনা করেন। এ সময় পাভেল আন্দ্রেয়েভ রাশিয়ার সিইসি চেয়ারম্যান এলা পামফিলোভার পক্ষ থেকে বাংলাদেশের প্রতিনিধিদের আসন্ন রুশ ‘স্টেট ডুমা’ নির্বাচনের আন্তর্জাতিক পর্যবেক্ষণ কর্মসূচিতে অংশ নেয়ার আমন্ত্রণ জানান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে