Views Bangladesh Logo

ইরানে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে সরকারের গভীর উদ্বেগ

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই অবস্থান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান শত্রুতা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বেসামরিক জনগণের নিরাপত্তাকে মারাত্মকভাবে ঝুঁকির মুখে ফেলবে। বাংলাদেশ সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে মতপার্থক্য নিরসনে কূটনৈতিক পথে ফিরে আসার ওপর গুরুত্বারোপ করেছে। পাশাপাশি বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় নিন্দা জানিয়েছে সরকার।

এদিকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত বা সেখানে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের ভিসা ও যাতায়াতসংক্রান্ত জটিলতা নিরসনে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার সকালে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) চার দেশ—সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইন—এর কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে যেসব বাংলাদেশি ফ্লাইট বন্ধের কারণে আটকে পড়েছেন তাদের দ্রুত গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা এবং ভিসা প্রক্রিয়ায় যেন তারা সমস্যায় না পড়েন সে বিষয়ে সহযোগিতা চাওয়া হয়। সংশ্লিষ্ট দেশগুলোর কূটনীতিকরা পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত বাংলাদেশিদের সংকট সমাধানে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

বাংলাদেশ আশা প্রকাশ করেছে, দ্রুত পরিস্থিতি শান্ত হবে এবং পুরো অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠিত হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ