চলতি বছর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তিনটি সামরিক মহড়া
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী চলতি বছর ৩টি যৌথ সামরিক মহড়া এবং একটি নতুন প্রযুক্তি সক্ষমতা চালুর মাধ্যমে তাদের দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে যাচ্ছে। রোববার ঢাকায় মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, এই উদ্যোগগুলো বাংলাদেশের ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি বৃহত্তর অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে সহায়ক হবে।
টাইগার লাইটনিং মহড়া: এটি টানা চতুর্থবারের মতো আয়োজিত হচ্ছে। এই যৌথ মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের ইউএস আর্মি প্যাসিফিক অংশ নেবে। মহড়াটির উদ্দেশ্য হলো—জঙ্গিবিরোধী অভিযান, শান্তিরক্ষা মিশন, জঙ্গল যুদ্ধ, দ্রুত চিকিৎসা সরিয়ে নেওয়া এবং তাৎক্ষণিকভাবে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)-এর হুমকি মোকাবেলার মতো বাস্তব প্রশিক্ষণ দেয়া।
টাইগার শার্ক ২০২৫ মহড়া: ফ্ল্যাশ বেঙ্গল সিরিজের অংশ এই মহড়াটি, যা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর মধ্যে যুদ্ধ কৌশল বিষয়ক একটি যৌথ অনুশীলন। ২০০৯ সাল থেকে এই মহড়ায় প্যাট্রোল বোট পরিচালনা এবং স্বল্পপাল্লার অস্ত্র প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে। এতে বাংলাদেশ নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড সালভেজ ইউনিট এবং প্যারা কমান্ডো ব্রিগেডের সক্ষমতা বাড়বে। মহড়ায় উভয় দেশের ব্যবহৃত মার্কিন সামরিক সরঞ্জাম ব্যবহৃত হবে।
প্যাসিফিক অ্যাঞ্জেল মহড়া: চতুর্থবারের মতো বাংলাদেশে আয়োজিত হতে যাচ্ছে এই মহড়া, যা মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবেলা বিষয়ক প্রশিক্ষণকে গুরুত্ব দেয়। সি-১৩০ উড়োজাহাজ বহরের ভূমিকাকে কেন্দ্র করে মহড়ায় জরুরি পরিস্থিতিতে সরবরাহ পৌঁছে দেয়া ও আকাশপথে চলাচলের বিষয়গুলো অনুশীলন করা হবে। এতে সার্চ অ্যান্ড রেসকিউ (এসএআর) এবং অ্যারোমেডিক্যাল অপারেশন নিয়ে কাজ হবে, যা বাংলাদেশের দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াবে।
আরকিউ-২১ প্রোগ্রাম: নতুনভাবে যুক্ত হওয়া এই কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্র, বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর সঙ্গে যৌথভাবে একটি আনম্যানড এরিয়াল সিস্টেম (ইউএএস) চালু করছে। বাংলাদেশ সেনা ও নৌ বাহিনীর সদস্যদের নিয়ে গঠিত একটি রেজিমেন্ট এই নতুন আরকিউ-২১ ব্ল্যাকজ্যাক ড্রোন সিস্টেম পরিচালনা করবে।
এসব যৌথ উদ্যোগ বাংলাদেশের সামুদ্রিক নজরদারি, সীমান্ত নিরাপত্তা এবং শান্তিরক্ষা অভিযানে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে