Views Bangladesh Logo

জ্বালানি সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ মে) সকালে ওয়াশিংটন ডিসির মার্কিন জ্বালানি দপ্তরে এই গুরুত্বপূর্ণ চুক্তিটি হয়। এতে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানি সেক্রেটারি ক্রিস রাইট স্বাক্ষর করেন।

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীলতা ও উত্তেজনার প্রেক্ষাপটে যখন বিশ্বের অনেক দেশই তাদের জ্বালানি নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছে, ঠিক তখনই এই কৌশলগত অংশীদারিত্বের বিষয়টি সামনে এল। এই চুক্তির ফলে বাংলাদেশের জ্বালানি উৎসে বৈচিত্র্য আসবে এবং দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।

এই দ্বিপাক্ষিক চুক্তির আওতায় তেল, গ্যাস, ভূতাপীয় শক্তি এবং জৈব জ্বালানি খাতে সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি উভয় দেশ একে অপরের সঙ্গে উন্নত প্রযুক্তি ও গবেষণালব্ধ জ্ঞান বিনিময় করতে পারবে। এছাড়া এর মাধ্যমে বাংলাদেশ মার্কিন বাজার থেকে তুলনামূলক কম দামে এলএনজি, এলপিজি ও অন্যান্য প্রয়োজনীয় জ্বালানি পণ্য আমদানির বিশেষ সুবিধা লাভ করবে।

চুক্তি স্বাক্ষর শেষে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, এই সমঝোতা স্মারকটি ঢাকা ও ওয়াশিংটনের ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ সময় তিনি এই উদ্যোগ বাস্তবায়নে জোরালো সমর্থনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অন্যদিকে মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট এই চুক্তিকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এক ঐতিহাসিক অগ্রগতি হিসেবে অভিহিত করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং মার্কিন জ্বালানি দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ