Views Bangladesh Logo

বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর

 VB  Desk

ভিবি ডেস্ক

পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে সহযোগিতা বাড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকের পর স্থানীয় সময় ২৫ সেপ্টেম্বর এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসাদ এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি ও পরিবেশবিষয়ক আন্ডার সেক্রেটারি জেকব হেলবার্গ চুক্তিতে সই করেন। চুক্তিতে বেসামরিক পারমাণবিক সহযোগিতার ক্ষেত্রে পারমাণবিক নিরাপত্তা, সুরক্ষা, সেফগার্ডস ও বিস্তাররোধের সর্বোচ্চ মান বজায় রাখার বিষয়ে দুই দেশ একমত হয়েছে।

বিএনপি মিডিয়া সেলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শান্তিপূর্ণভাবে পরমাণু শক্তি ব্যবহারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সহযোগিতার উদ্যোগের দীর্ঘ ধারাবাহিকতার অংশ হিসেবেই নতুন এই সমঝোতা হয়েছে। এর আগে ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় এ বিষয়ে সহযোগিতার প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়েছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে এক ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বেথানি পৌলোস মরিসন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কে সাম্প্রতিক অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি জানান, দুই দেশের মধ্যে বেসামরিক পারমাণবিক শক্তি ব্যবহারে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক সহযোগিতার চুক্তির মধ্যেই রাশিয়ার সহায়তায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জ্বালানি ইউরেনিয়ামের একটি চালান নিয়ে জটিলতা দেখা দিয়েছে। বৃহস্পতিবার নির্ধারিত সময়ে চালানটি ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও আকাশপথ ব্যবহারের প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় ইউরেনিয়ামবাহী কার্গো বিমানটি বাংলাদেশে আসতে পারেনি।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, চালান গ্রহণের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব প্রস্তুতি সম্পন্ন ছিল। নির্ধারিত সময়ে বিমানটি না আসায় রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটমের লিয়াজোঁ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়। সেখান থেকে জানানো হয়, আকাশপথ ব্যবহারের অনুমতি না থাকায় ফ্লাইটটি আসতে পারেনি। তবে কেন অনুমতি পাওয়া যায়নি বা কোন কর্তৃপক্ষের কারণে এই জটিলতা তৈরি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। চালানটি কবে নতুন করে পাঠানো হবে, সেটিও তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

পাবনার ঈশ্বরদীতে রাশিয়ার প্রযুক্তিগত ও আর্থিক সহায়তায় নির্মিত হচ্ছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর। প্রকল্পে দুটি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর রয়েছে, যার প্রতিটির উৎপাদনক্ষমতা প্রায় ১ হাজার ২০০ মেগাওয়াট। অর্থাৎ দুটি ইউনিট থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। প্রথম ইউনিটে ইতোমধ্যে জ্বালানি লোডিং ও কমিশনিংয়ের কাজ এগিয়ে চলছে, আর দ্বিতীয় ইউনিটের নির্মাণকাজ অব্যাহত রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ