Views Bangladesh Logo

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান

জাতিসংঘে বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে আরও কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার (১৯ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ২০২৬ সালের ইকোসক হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

আলোচনায় প্রতিমন্ত্রী আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করা, সংঘাত প্রতিরোধে অধিক বিনিয়োগ এবং মানবিক, শান্তি ও উন্নয়ন কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে নারী- কিশোরীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান প্রযুক্তিনির্ভর হয়রানি ও অপব্যবহারের বিষয়টি তুলে ধরে এ ধরনের হুমকি মোকাবিলায় একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম গঠনের আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি।

রোহিঙ্গা নারী ও কিশোরীদের ওপর চলমান অর্থায়ন সংকটের নেতিবাচক প্রভাব নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন শামা ওবায়েদ। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি তাদের দ্রুত নিজ দেশে ফিরিয়ে নেওয়ার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানের ফাঁকে ভিয়েতনামের উপ-পররাষ্ট্রমন্ত্রী ড. নগুয়েন মিন ভুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং বহুপাক্ষিক অঙ্গনে সম্পর্ক জোরদারের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ