Views Bangladesh Logo

শিক্ষার্থীদের নেদারল্যান্ডসে ভিসা প্রত্যাখ্যান ও দীর্ঘসূত্রতা নিয়ে বাংলাদেশের উদ্বেগ

নেদারল্যান্ডসে উচ্চশিক্ষার জন্য ভর্তি হওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা এবং ভিসা প্রত্যাখ্যানের হার বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। এ সমস্যা দ্রুত সমাধানে ডাচ সরকারের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

শুক্রবার (২৪ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তির (টিএসি) ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ বিষয়টি উত্থাপন করেন। বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বাংলাদেশ-নেদারল্যান্ডসের দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করেন এবং শিক্ষা, প্রযুক্তি, অভিবাসন, সার্কুলার অর্থনীতি, ব-দ্বীপ ব্যবস্থাপনা এবং প্রযুক্তি হস্তান্তরসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা করেন।

আলোচনায় বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ার জটিলতার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, নেদারল্যান্ডসের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরও অনেক বাংলাদেশি শিক্ষার্থী ভিসা পেতে বিলম্বের মুখে পড়ছেন। একই সঙ্গে ভিসা প্রত্যাখ্যানের ঘটনাও বেড়েছে। এতে অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ে শিক্ষা কার্যক্রম শুরু করতে পারছেন না এবং তাদের উচ্চশিক্ষার পরিকল্পনা অনিশ্চয়তায় পড়ছে।

তিনি ডাচ সরকারের প্রতি আহ্বান জানান, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ ও কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক, যাতে তারা নির্বিঘ্নে নেদারল্যান্ডসে গিয়ে পড়াশোনা শুরু করতে পারেন। বৈঠকে বাংলাদেশি অ্যাপোস্টিল নথিপত্র গ্রহণসংক্রান্ত বিষয়ও উত্থাপন করেন ড. খলিলুর রহমান। তিনি এ বিষয়ে বিদ্যমান সীমাবদ্ধতা পুনর্বিবেচনার অনুরোধ জানান। জবাবে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডস বাংলাদেশ উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি বলেন, শিক্ষার্থীদের ভিসা এবং অ্যাপোস্টিল-সংক্রান্ত সমস্যাগুলো পর্যালোচনা করে সন্তোষজনক সমাধানের চেষ্টা করা হবে।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, বৈঠকে দুই দেশের মধ্যে শিক্ষা, প্রযুক্তি, বৈধ অভিবাসন ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণে উভয় পক্ষ ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ