Views Bangladesh Logo

মালয়েশিয়াকে উড়িয়ে সিরিজে ধবলধোলাই বাংলাদেশের

অস্ট্রেলিয়ার মাটিতে জাতীয় দলের ঐতিহাসিক টেস্ট জয়ের দিনই দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব–২৩ দল। ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মালয়েশিয়াকে ২৩৭ রানে হারিয়ে ৩–০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা।

টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৭ উইকেটে তোলে ৩৬৯ রান। ইনিংসের নায়ক আদিল বিন সিদ্দিক, তিনি ১১১ বলে ১৩৫ রানের দুর্দান্ত সেঞ্চুরি করেন। তাঁর ইনিংসে ছিল একাধিক চার-ছক্কার ঝড়। ওপেনার জাওয়াদ আবরার ৩২ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন, আর খালিদ হাসান যোগ করেন ৭৩ রান।

৩৭০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধসে পড়ে মালয়েশিয়া। প্রথম বলেই উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি সফরকারীরা। পুরো দল গুটিয়ে যায় মাত্র ১৩২ রানে।

বাংলাদেশের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন স্পিনার রাফিউজ্জামান রাফি ও শেখ পারভেজ জীবন। দুজনই নেন ৩টি করে উইকেট। এছাড়া পেসার রাহিন আহমেদ ২ উইকেট নিয়ে মালয়েশিয়ার ব্যাটিং লাইনআপে প্রথম ধাক্কা দেন।

এই জয়ের মাধ্যমে বাংলাদেশ অনূর্ধ্ব–২৩ দল তিন ম্যাচের সিরিজে মালয়েশিয়াকে ৩–০ ব্যবধানে ধবলধোলাই করল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ