Views Bangladesh Logo

‘জীবন নিয়ে আতঙ্কে’ বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের কোচ

বেতন না পাওয়ায় আর্থিক সংকটে পড়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোন্স। একই সঙ্গে নিজের নিরাপত্তা ও পরিবারের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ইংলিশ এই কোচ।

সোমবার (১০ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে জেরার্ড জোন্স এসব কথা জানান। তিনি বলেন, নিজের নিরাপত্তা ও পরিবারের কথা ভেবে তিনি উদ্বিগ্ন। এ সময় নানা ধরনের ভুল বোঝাবুঝি ও অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে বলেও জানান তিনি।

বেতন না পাওয়ায় পরিবারের কাছে টাকা পাঠাতে পারছেন না বলে অভিযোগ করেন জোন্স। তাঁর দাবি, বর্তমানে তাঁর কাছে কোনো টাকা নেই এবং পরিবারের খাবারের জন্যও অর্থ পাঠাতে পারছেন না। নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানিয়ে তিনি বলেন, তিনি জীবন নিয়ে ভয় ও আতঙ্কের মধ্যে আছেন। তবে কী কারণে এমন আশঙ্কা করছেন বা কী ধরনের হুমকির মুখে পড়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

আসন্ন এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব সামনে রেখে গত মাস থেকে যশোরের সামসুল হুদা ফুটবল একাডেমিতে বাংলাদেশ দলের আবাসিক ক্যাম্প চলছে। ক্যাম্পের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আর্থিক ও নিরাপত্তাজনিত সমস্যার কথা প্রকাশ করেন জোন্স।

কোচের অভিযোগের বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী বলেন, ৯ আগস্টই কোচের অ্যাকাউন্টে পুরো বেতন পাঠানো হয়েছে। রেমিট্যান্সের মাধ্যমে অর্থ পাঠানো হওয়ায় ব্যাংকিং প্রক্রিয়ায় কিছুটা সময় লাগতে পারে। ১০ আগস্টের মধ্যেই তাঁর অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর কথা ছিল।

কোচ টাকা পাওয়ার আগেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় হতাশা প্রকাশ করেন জাহেদী। তবে জেরার্ড জোন্স কেন নিজের জীবন নিয়ে আতঙ্কে আছেন কিংবা কী ধরনের অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ