লিড সনদে সবুজ কারখানার সংখ্যায় বিশ্বে প্রথম বাংলাদেশ
নতুন করে ১২টি কারখানা যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) লিড সনদ পাওয়ায় পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে।
সনদ পাওয়া নতুন কারখানাগুলোর মধ্যে রয়েছে তৈরি পোশাক, বস্ত্র ও পোশাকশিল্পের আনুষঙ্গিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। এর ফলে দেশে এ স্বীকৃতিপ্রাপ্ত কারখানার মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩০২টিতে। এ অর্জনের মধ্য দিয়ে সবচেয়ে বেশি লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানার দেশ হিসেবে বিশ্বে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ।
নতুন সনদ পাওয়া ১২টি কারখানার মধ্যে নয়টি প্লাটিনাম এবং তিনটি গোল্ড ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে। এর মধ্যে ঢাকার ধামরাইয়ে অবস্থিত অ্যাডজি ট্রিমস লিমিটেড ৯৭ পয়েন্ট পেয়ে সর্বোচ্চ স্কোর অর্জন করেছে।
বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলিত তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৩০২টি লিড সনদপ্রাপ্ত কারখানার মধ্যে ১৩৪টি প্লাটিনাম, ১৪৮টি গোল্ড, ১৬টি সিলভার এবং চারটি সার্টিফায়েড ক্যাটাগরিতে রয়েছে। এ ছাড়া বিশ্বের সর্বোচ্চ রেটিং পাওয়া ১০০টি লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানার ৫৩টিই বাংলাদেশে অবস্থিত।
নতুন করে প্লাটিনাম সনদ পাওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে গাজীপুরের ডি অ্যান্ড এস প্রিটি ফ্যাশনস লিমিটেড। প্রতিষ্ঠানটি পেয়েছে ৯১ পয়েন্ট। একই জেলার প্রবৃদ্ধি অ্যাপারেলস লিমিটেড ৮৮ এবং এল ইউসিন ফ্যাশন লিমিটেড ৮৫ পয়েন্ট অর্জন করেছে। নারায়ণগঞ্জের এফকেএল প্রিন্টিং বিল্ডিং পেয়েছে ৮৬ পয়েন্ট।
এ ছাড়া চট্টগ্রামের ভিজ্যুয়াল ইকো স্টাইলওয়্যার লিমিটেড ৮৪ এবং কেডিএস অ্যাপারেলস লিমিটেডের টেক্সটাইল অ্যান্ড ওয়াশিং ইউনিট ৮২ পয়েন্ট পেয়েছে। সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) পুরোনো অঞ্চলে অবস্থিত প্যাক্সার বাংলাদেশ লিমিটেড এবং গাজীপুরের বিপ্রবর্তায় অবস্থিত এক্সপো অ্যাকসেসরিজ লিমিটেডও ৮২ পয়েন্ট করে অর্জন করেছে।
অন্যদিকে, নতুন করে গোল্ড সনদ পাওয়া তিনটি কারখানা হলো নারায়ণগঞ্জের বার্নালী কালেকশনস লিমিটেডের নিটিং ইউনিট, চট্টগ্রামের বেস্টেক বিডি লিমিটেড এবং টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত এক্সপোর্ট বিল্ডিং-২। প্রতিষ্ঠানগুলো যথাক্রমে ৬৮, ৬৬ ও ৬৪ পয়েন্ট পেয়েছে।
লিড সনদ পরিবেশবান্ধব ভবন ও শিল্পকারখানার আন্তর্জাতিক স্বীকৃতি। জ্বালানি ও পানির সাশ্রয়, সম্পদের দক্ষ ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা এবং ভবনের অভ্যন্তরীণ পরিবেশের মানসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে এ সনদ দেওয়া হয়।
বিশ্বের সর্বোচ্চ রেটিং পাওয়া ১০০টি সবুজ কারখানার মধ্যে ৫৩টি বাংলাদেশে থাকা দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থার অগ্রগতির প্রমাণ। নতুন ১২টি কারখানার স্বীকৃতির ফলে এ খাতে বাংলাদেশের অর্জন আরও সমৃদ্ধ হলো।
মতামত দিন