ছয় বছর পর এফওসি, দক্ষিণ আফ্রিকাকে দূতাবাস খোলার অনুরোধ জানাবে ঢাকা
ছয় বছর পর বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে পররাষ্ট্র দপ্তর পর্যায়ের বৈঠক ফরেন অফিস কনসালটেশনস (এফওসি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২১ ও ২২ মে দক্ষিণ আফ্রিকায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এতে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম।
বৈঠকে দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকা বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু জোরালোভাবে তুলে ধরবে ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার সঙ্গে মোট ১৮টি বিষয়ে আলোচনা তুলেছে বাংলাদেশ, তবে এখন পর্যন্ত মাত্র দুটি বিষয়ে প্রতিক্রিয়া পাওয়া গেছে। আসন্ন বৈঠকে এসব বিষয় দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্ব দেওয়া হবে।
বৈঠকের একটি গুরুত্বপূর্ণ বিষয় হবে ঢাকায় দক্ষিণ আফ্রিকার দূতাবাস স্থাপন। বর্তমানে ঢাকায় দেশটির একটি কনস্যুলেট থাকলেও ভিসা কার্যক্রম পরিচালিত হয় দিল্লি থেকে। এ কারণে ভিসা প্রক্রিয়ায় ভোগান্তি কমাতে পূর্ণাঙ্গ দূতাবাস স্থাপনের অনুরোধ জানাবে বাংলাদেশ।
এছাড়া দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়েও বৈঠকে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
আসন্ন এফওসি বৈঠকে রাজনৈতিক সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজার, কৃষি সহযোগিতা এবং কূটনৈতিক উপস্থিতি বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পাবে।
উল্লেখ্য, সর্বশেষ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা এফওসি অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ৩ সেপ্টেম্বর। এরপর দীর্ঘ বিরতির পর আবারও দুই দেশের মধ্যে এ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে