Views Bangladesh Logo

২০৩০ সালে অর্থনীতিতে মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ

 VB  Desk

ভিবি ডেস্ক

২০৩০ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এ সময় নামমাত্র মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকারে বাংলাদেশ মালয়েশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডের অর্থনীতিকে ছাড়িয়ে যেতে পারে।

কানাডাভিত্তিক গণমাধ্যম ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টের ‘দ্য ১৫০ ট্রিলিয়ন ডলার গ্লোবাল ইকোনমি ইন ২০৩০’ শিরোনামের এক প্রতিবেদনে আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের পূর্বাভাসের ভিত্তিতে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, আগামী চার বছরে বিশ্ব অর্থনীতির আকার ১৫০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। এই প্রবৃদ্ধিতে এশিয়ার উদীয়মান অর্থনীতিগুলোর বড় ভূমিকা থাকবে।

পূর্বাভাসে বলা হয়েছে, ২০৩০ সালেও বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি থাকবে যুক্তরাষ্ট্র। দেশটির নামমাত্র জিডিপি ৩৭ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। ২৬ ট্রিলিয়ন ডলার নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকবে চীন। তৃতীয় অবস্থানে জার্মানির জিডিপি হতে পারে ৬ দশমিক ২ ট্রিলিয়ন ডলার।

তবে তৃতীয় বৃহত্তম অর্থনীতির অবস্থান নিয়ে জার্মানি ও ভারতের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। ২০৩০ সালে জার্মানির সম্ভাব্য জিডিপি ৬ দশমিক ১৭৮ ট্রিলিয়ন ডলার এবং ভারতের ৬ দশমিক ১৭৩ ট্রিলিয়ন ডলার হতে পারে। দুই দেশের ব্যবধান মাত্র ৫ বিলিয়ন ডলার। বর্তমান প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে ভারত জার্মানিকে ছাড়িয়ে যেতে পারে।

২০৩০ সালের মধ্যে এশিয়া ও মধ্যপ্রাচ্যের সম্মিলিত অর্থনীতির আকার ৫৫ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে, যা বৈশ্বিক অর্থনীতির এক-তৃতীয়াংশেরও বেশি। চীন ও ভারতের পর এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে জাপান, যার সম্ভাব্য জিডিপি ৫ ট্রিলিয়ন ডলার। এরপর দক্ষিণ কোরিয়ার ২ দশমিক ৩ ট্রিলিয়ন এবং ইন্দোনেশিয়ার ২ দশমিক ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, ২০৩০ সালে ইউরোপের সম্মিলিত অর্থনীতির আকার ৩৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। ইউরোপীয় ইউনিয়নের সম্মিলিত নামমাত্র জিডিপি হতে পারে ২৬ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার। জার্মানি, ফ্রান্স ও ইতালি থাকবে এই জোটের শীর্ষ অর্থনীতিতে। আর ইউরোপের সবচেয়ে বড় অ-ইইউ অর্থনীতি হিসেবে যুক্তরাজ্যের জিডিপি ৫ দশমিক ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

অন্যদিকে, ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে রাশিয়ার অর্থনীতি সংকুচিত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এ সময় বড় অর্থনীতিগুলোর মধ্যে রাশিয়া হবে অন্যতম, যাদের অর্থনীতিতে সংকোচন দেখা দিতে পারে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ