মাথাপিছু জিডিপিতে এ বছর ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফের পূর্বাভাস
চলতি বছর মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ভারতের চেয়ে এগিয়ে যেতে পারে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়াতে পারে ২ হাজার ৮৮৬ মার্কিন ডলারে। বিপরীতে, ভারতের মাথাপিছু জিডিপি হতে পারে ২ হাজার ৭৪৯ ডলার।
তবে মাথাপিছু জিডিপিতে এগিয়ে থাকলেও সামগ্রিক অর্থনীতির আকার, প্রবৃদ্ধি এবং ক্রয়ক্ষমতার হিসাবে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকবে ভারত। গত রোববার প্রকাশিত এক বিশ্লেষণে এ তথ্য তুলে ধরেছে সংবাদমাধ্যম আলজাজিরা।
আলজাজিরার বিশ্লেষণ অনুযায়ী, ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা সাত বছর মাথাপিছু জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। তবে ২০২৫ সালে এ সূচকে আবারও বাংলাদেশকে ছাড়িয়ে যায় ভারত। আইএমএফের সর্বশেষ পূর্বাভাস বলছে, ২০২৬ সালে বাংলাদেশ পুনরায় এগিয়ে যেতে পারে।
গত দুই দশকে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক অগ্রগতির উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে উঠে এসেছে বাংলাদেশের নাম। ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করা দেশটির অর্থনীতি বর্তমানে পাকিস্তানের চেয়েও বড়। তৈরি পোশাক রপ্তানি, প্রবাসী আয় এবং কর্মক্ষেত্রে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
চলতি মাসে প্রকাশিত আইএমএফের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশের মোট জিডিপির পরিমাণ দাঁড়াতে পারে ৫০৬ দশমিক ৪ বিলিয়ন ডলারে। অন্যদিকে, ভারতের অর্থনীতির আকার হতে পারে প্রায় ৪ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলার, যা বাংলাদেশের অর্থনীতির প্রায় আট গুণ। এ বছর ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। বাংলাদেশের ক্ষেত্রে প্রবৃদ্ধির পূর্বাভাস ৩ দশমিক ৬ শতাংশ।
আইএমএফের হিসাব অনুযায়ী, ২০২৭ ও ২০২৮ সালেও মাথাপিছু জিডিপিতে বাংলাদেশের সামান্য এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। তবে ২০২৯ সালে পরিস্থিতি আবার বদলে যেতে পারে। ওই বছর ভারতের মাথাপিছু জিডিপি ৩ হাজার ৬৬১ ডলারে পৌঁছাতে পারে। একই সময়ে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হতে পারে ৩ হাজার ৩৩৪ ডলার।
এদিকে, ক্রয়ক্ষমতার সমতা বা পিপিপি বিবেচনায় নিলে মাথাপিছু জিডিপিতে ভারতই এগিয়ে থাকবে। আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে এ হিসাবে ভারতের মাথাপিছু জিডিপি হতে পারে ১২ হাজার ৯৯৮ ডলার। বাংলাদেশের ক্ষেত্রে তা দাঁড়াতে পারে ১০ হাজার ৮৮৪ ডলারে।
মতামত দিন