Views Bangladesh Logo

পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে প্রকাশ্য অবস্থান নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়ে এ বিষয়ে বাংলাদেশ প্রকাশ্যে কোনো অবস্থান নেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেন, এ ধরনের সংঘাত কোনো অঞ্চলের জন্যই মঙ্গলজনক নয় এবং বাংলাদেশ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানকে সমর্থন করে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সৌদি আরবের জেদ্দায় ফিলিস্তিন ইস্যুতে অনুষ্ঠিত ওআইসি নির্বাহী কমিটির বৈঠকে অংশ নিয়ে দেশে ফেরার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, দীর্ঘ ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে। আসন্ন ৮১তম অধিবেশনের জন্য বাংলাদেশের প্রার্থিতা নিয়ে সৌদি আরব সফরে ওআইসিভুক্ত বিভিন্ন দেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। মালদ্বীপ, পাকিস্তান, তুরস্ক, ফিলিস্তিন ও সৌদি আরব বাংলাদেশের প্রতি সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান আগের মতোই অনড়। ১৯৬৭ সালের আগের সীমানা অনুযায়ী এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে বাংলাদেশ কাজ করে যাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে এ নীতি অনুসরণ করা হচ্ছে এবং এতে কোনো পরিবর্তন হবে না।

ওআইসি সম্মেলনে ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকারের পক্ষে বাংলাদেশ জোরালো ভূমিকা পালন করেছে বলেও তিনি দাবি করেন। একই সঙ্গে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর নিয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সফরের গন্তব্য এখনো চূড়ান্ত হয়নি। বিভিন্ন বন্ধুপ্রতিম দেশ থেকে আমন্ত্রণ আসছে এবং কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে যথাসময়ে তা ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’ নীতিতে অটল থেকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে কাজ করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ