শীঘ্রই ভারতীয় পাওয়ার গ্রিড থেকে বিদ্যুৎ আসবে বাংলাদেশে
শীঘ্রই ভারতীয় গ্রিড থেকে বিদ্যুৎ নেবে বাংলাদেশ, যা পাঠানো হবে নেপাল থেকে। শুক্রবার বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন ভারতের উত্তরভাগের যুগ্ম সচিব এবং বিদেশ মন্ত্রণালয়ের (এমইএ) সাবেক মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব। তিনি বলেন, ভারতের সংশোধিত আন্তঃসীমান্ত বিদ্যুৎ নীতি, যে নীতি প্রতিবেশী দেশগুলিকে ভারতীয় গ্রিড ব্যবহার করার অনুমতি দেয়। আঞ্চলিক সহযোগিতার কথা মাথায় রেখে সেখানে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। ভারতীয় গ্রিডের মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ যাবে। এ ব্যাপারে দুই দেশের মধ্যে চুক্তিও হয়েছে।
শ্রীবাস্তব জোর দিয়ে বলন, “বাংলাদেশের সঙ্গে এই ধরনের প্রথম লেনদেন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইতিমধ্যেই স্বাক্ষরিত চুক্তির ফলে এই বাণিজ্য আগামী ৫-৭ বছরে নেপালের বৃহত্তম রপ্তানি হতে চলেছে।”
বেঙ্গালুরুভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সিনার্জিয়া দ্বারা আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শ্রীবাস্তব আরও বলেন, “মাত্র তিন বছর আগে শূন্য মেগাওয়াট থেকে শুরু করে ভারতীয় গ্রিডের ওই অংশ এখন ১,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে পৌঁছেছে। একটি নতুন স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে আমরা আগামী বছরগুলোতে এটি ১০,০০০ মেগাওয়াট পর্যন্ত উন্নীত করার পথে আছি।”
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিবেশী দেশে বিদ্যুৎ উৎপাদনে ভারতীয় বিনিয়োগ এখন দ্বিগুণ হয়েছে। ১৭৫১ কিলোমিটারজুড়ে নেপাল সীমান্ত এবং ৬৯৯ কিলোমিটারজুড়ে ভুটান সীমান্ত বরাবর বাণিজ্য অবকাঠামোর বিষয়টি আলোচনার স্তরে রয়েছে। নেপাল সীমান্ত বরাবর তিনটি নতুন ইন্ডিপেন্ডেন্ট কানেকশন প্রোভাইডারের (ICP) পরবর্তী সেট বর্তমানে নির্মানাধীন। ভারত-ভুটান সীমান্তের জন্য আইসিপির প্রথম সেটের পরিকল্পনা চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে