জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তিন কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ: পরিবেশমন্ত্রী
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস থেকে বাংলাদেশ তিন কোটি মার্কিন ডলার পাবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টায় তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ৩১)-এর ব্লু জোনের জোন ডি-৩-এ অবস্থিত প্রেস কনফারেন্স রুম-১-এ বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষ থেকে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে।
আবদুল আউয়াল মিন্টু বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলের জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) থেকে তিন কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ। প্রাথমিকভাবে এ অর্থায়নের জন্য বিবেচিত পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। এ অর্থ দেশের উপকূলীয় অবকাঠামো শক্তিশালীকরণ এবং জলবায়ুবান্ধব কৃষি কার্যক্রম সম্প্রসারণে ব্যবহার করা হবে।
পরিবেশমন্ত্রী বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম হলেও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা বৃদ্ধি, তাপপ্রবাহসহ বিভিন্ন জলবায়ুজনিত দুর্যোগ দেশের মানুষের জীবন-জীবিকা, কৃষি, অবকাঠামো ও উন্নয়ন অর্জনকে হুমকির মুখে ফেলছে। বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) ২০২৬ সালের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৈশ্বিক গড় তাপমাত্রা প্রাক-শিল্পায়ন যুগের তুলনায় প্রায় ১ দশমিক ৪৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
তিনি বলেন, সীমিত সম্পদ থাকা সত্ত্বেও বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উচ্চাভিলাষী পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশের তৃতীয় জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে প্রচলিত কার্যক্রম অব্যাহত থাকার পরিস্থিতির তুলনায় নিজস্ব সক্ষমতায় ৬ দশমিক ৩৯ শতাংশ এবং আন্তর্জাতিক সহায়তা সাপেক্ষে অতিরিক্ত ১৩ দশমিক ৯২ শতাংশ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাসের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন, বৃক্ষরোপণ, খাল পুনরুদ্ধার, আগাম সতর্কীকরণ ব্যবস্থা শক্তিশালীকরণ এবং স্থানীয় জনগোষ্ঠীনির্ভর অভিযোজন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, সংসদ সদস্য মানসুরা আক্তার এবং অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ।
মতামত দিন