ভারতের সরে দাঁড়ানোয় ফিফার আসিয়ান কাপে সুযোগ পেল বাংলাদেশ
ভারত নাম প্রত্যাহার করায় শেষ মুহূর্তে ফিফার অর্থায়নে আয়োজিত আসিয়ান কাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে অংশ নেওয়ার বিষয়ে আজ শুক্রবার বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জাতীয় দল কমিটির বিশেষ সভায় ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে।
জাতীয় দল কমিটির একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। এখন আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ চূড়ান্ত হওয়ার কথা।
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য আসিয়ান কাপে অংশগ্রহণকারী দলগুলোর যাতায়াত ও আবাসন ব্যয় আয়োজকেরা বহন করবে। পাশাপাশি দলগুলোকে অংশগ্রহণের জন্য অর্থও দেওয়া হবে। ফলে বাংলাদেশ দলের অংশগ্রহণে বাফুফেকে বাড়তি আর্থিক ব্যয় বহন করতে হবে না।
বাংলাদেশ শুরুতে এই টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ পায়নি। ভারতকে আগে থেকেই রাখা হয়েছিল। পরে অন্য একটি দল নাম প্রত্যাহার করলে পাকিস্তানকে সুযোগ দেওয়া হয়। এ নিয়ে বাংলাদেশকে কেন আমন্ত্রণ জানানো হয়নি, তা নিয়ে আলোচনা-সমালোচনাও হয়েছিল।
তবে আগামী ৩ অক্টোবর কলকাতায় ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে ভারত আসিয়ান কাপ থেকে সরে দাঁড়ানোয় তাদের জায়গায় বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সেপ্টেম্বরে বাংলাদেশে একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা ছিল বাফুফের। একই সময়ে কিরগিজস্তানেও খেলার আমন্ত্রণ পেয়েছিল জাতীয় দল। ফলে কোনটিতে অংশ নেওয়া হবে, তা নিয়ে বাফুফের মধ্যে দ্বিধা ছিল। আসিয়ান কাপের আমন্ত্রণ পাওয়ায় সেই পরিস্থিতিরও অবসান হয়েছে।
ভারতের জায়গায় বাংলাদেশ অংশ নিলে ‘এ’ গ্রুপে হামজা চৌধুরীদের প্রতিপক্ষ হতে পারে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।
শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ থাকায় আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির ক্ষেত্রেও এই টুর্নামেন্ট বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
মতামত দিন