চীনের এআই জোটে পর্যবেক্ষক হচ্ছে বাংলাদেশ
উদ্ভাবনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং নিরাপদ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের লক্ষ্য নিয়ে চীনের নেতৃত্বে গঠিত বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থা (ডব্লিউএআইসিও)-তে প্রাথমিকভাবে পর্যবেক্ষক (অবজারভার) হিসেবে যুক্ত হচ্ছে বাংলাদেশ।
শনিবার (১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এক ফেসবুক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায়।
বিবৃতিতে বলা হয়, ডব্লিউএআইসিওর লক্ষ্য হলো উদ্ভাবনের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা গভীর করা, বৈশ্বিক ডিজিটাল বৈষম্য কমিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে উন্মুক্ত, ন্যায্য ও বৈষম্যহীন পরিবেশ গড়ে তোলা এবং এআই প্রযুক্তির নিরাপদ ও মানবকল্যাণমুখী ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতিমালা ও প্রবিধান এগিয়ে নেওয়া।
চীনের বাণিজ্যিক রাজধানী সাংহাইকে সদর দপ্তর করে গত ১৬ জুলাই আন্তঃসরকারি এই সংস্থার যাত্রা শুরু হয়। বিশ্ব এআই সম্মেলনের উচ্চপর্যায়ের বৈঠকে প্রাথমিকভাবে ২৯টি দেশকে নিয়ে জোটটির ঘোষণা দেয় বেইজিং।
প্রাথমিক সদস্যদের মধ্যে রয়েছে রাশিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সেনেগালসহ ‘গ্লোবাল সাউথ’-এর বিভিন্ন দেশ।
এর আগে বিশ্ব এআই সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহারে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে তিনি বলেন, এ প্রযুক্তির ওপর কোনো একক দেশের নিয়ন্ত্রণ থাকা উচিত নয়।
মতামত দিন