Views Bangladesh Logo

২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্পের লক্ষ্য অর্জনে সক্ষম হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকারের ধারাবাহিক উদ্যোগ, দক্ষ জনশক্তি ও বিনিয়োগবান্ধব নীতির ফলে ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্পে নির্ধারিত লক্ষ্য অর্জনে সক্ষম হবে বাংলাদেশ। এ খাতকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ের নভো থিয়েটারে আয়োজিত দুই দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, দেশে ইতোমধ্যে সেমিকন্ডাক্টর ডিজাইন, ভেরিফিকেশন, এমবেডেড সিস্টেম, পাওয়ার ইলেকট্রনিক্স এবং অ্যাডভান্সড প্যাকেজিংসহ বিভিন্ন ক্ষেত্রে কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে দেশের কয়েকটি প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারেও প্রবেশ করতে সক্ষম হয়েছে, যা এ খাতের সম্ভাবনার প্রমাণ।

তিনি বলেন, সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশ কোনো একক মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানের কাজ নয়। এটি একটি জাতীয় মিশন, যেখানে সরকার, শিল্পপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং গবেষণা সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সরকার এ খাতে বিনিয়োগ বাড়াতে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কর-সুবিধা, বন্ড সুবিধা, বিনিয়োগবান্ধব নীতি এবং বিশেষায়িত অবকাঠামো গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে।

বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) ও সিলিকন রিভার বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে নীতিনির্ধারক, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, গবেষক, উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশি প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।

দুই দিনব্যাপী এ সামিটে ১১টি প্লেনারি সেশন, সাতটি কৌশলগত প্যানেল আলোচনা এবং প্রযুক্তি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে টেক্সাস ইনস্ট্রুমেন্টসের চিফ টেকনোলজি অফিসার ড. আহমেদ বাহাই, পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিমিত্রিওস পেরুলিসসহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞরা বক্তব্য দেবেন। এছাড়া গ্লোবালফাউন্ড্রিজ, এনএক্সপি, অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালস, স্যান্ডিস্ক, ক্রেডো এবং ভিয়েতনাম সেমিকন্ডাক্টর অ্যালায়েন্সের প্রতিনিধিরাও অংশ নিচ্ছেন।

সামিটের পাশাপাশি অনুষ্ঠিত হচ্ছে ‘বিইএআর ইনোভেশন এক্সপো-২০২৬’। এতে শিক্ষার্থী ও স্টার্টআপ উদ্যোক্তাদের উদ্ভাবিত সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্বাস্থ্যপ্রযুক্তি এবং অন্যান্য ডিপ-টেক খাতের উদ্ভাবন ৩৫টি স্টলে প্রদর্শন করা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ