২০২৬ সালেই এলডিসি থেকে উত্তরণ: প্রেস সচিব

বাংলাদেশ ২০২৬ সাল থেকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের (গ্র্যাজুয়েশন) প্রক্রিয়া শুরু করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শফিকুল আলম বলেন, কেবিনেট বৈঠকে এলডিসি গ্র্যাজুয়েশন সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
তিসি বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনের ফলে বাংলাদেশের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি পাবে। তবে এ প্রক্রিয়ায় কিছু চ্যালেঞ্জও আসতে পারে, যার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। সরকার ইতোমধ্যেই বিভিন্ন শিল্পখাতে সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করেছে এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওষুধ শিল্পসহ অন্যান্য খাতে কোনো নেতিবাচক প্রভাব পড়লে তা মোকাবিলায় আগাম প্রস্তুতিও নেয়া হবে।
বকেয়া পরিশোধ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, আদানিসহ বিভিন্ন কোম্পানির বকেয়া পরিশোধে অগ্রগতি হয়েছে। সরকার ধারাবাহিকভাবে বকেয়া পরিশোধ করে চলেছে। আগের সরকারের সময়ে জমা হওয়া বকেয়া বিলগুলো পরিশোধ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলো এ বিষয়ে সন্তোষ প্রকাশ করেছে।
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার বিষয়ে কেবিনেট বৈঠকে আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, মাগুরার শিশু ধর্ষণ মামলায় সরকার শোকাহত। শিশুটিকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে এবং অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন।
জাতিসংঘ মহাসচিবের আসন্ন বাংলাদেশ সফর প্রসঙ্গে শফিকুল আলম বলেন, এটি বাংলাদেশের জন্য একটি সম্মানজনক ও গুরুত্বপূর্ণ ঘটনা। এ সফরকে সামনে রেখে শাহবাগে একটি জমায়েতের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিভিন্ন দ্বিপক্ষীয় ও বৈশ্বিক বিষয়ে আলোচনা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে