Views Bangladesh Logo

অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ

এশিয়া কাপের ব্যস্ততা শেষ হতে না হতেই আবার আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়তে পারে বাংলাদেশ দল। অক্টোবরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার সম্ভাবনা রয়েছে টাইগারদের। সিরিজ আয়োজনের প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে বলে জানা গেছে।

‘দ্য স্টেডিয়াম’-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সিরিজের ভেন্যু ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে। তবে ম্যাচগুলোর সূচি ও নির্দিষ্ট তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। দুই দেশের ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণার পরই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

তবে ওয়ানডে সিরিজের পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গে জিম্বাবুয়েকে যুক্ত করে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। জিম্বাবুয়ে প্রস্তাবে সম্মতি দিলে দ্বিপক্ষীয় সিরিজটি আর শুধু দুই দলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।

জিম্বাবুয়ে রাজি হলে অক্টোবরের শুরুতেই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের অংশগ্রহণে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ মাঠে গড়াতে পারে। সে ক্ষেত্রে স্বাভাবিকভাবেই ম্যাচের সংখ্যাও বাড়বে এবং তিন দলই একে অপরের বিপক্ষে খেলবে।

বর্তমানে জিম্বাবুয়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন আয়োজকেরা। তাদের সম্মতি পাওয়া গেলে ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি চূড়ান্ত করা হবে। ফলে অক্টোবরের শুরুতেই ওয়ানডের পাশাপাশি টেস্ট খেলেও ব্যস্ত সময় কাটাতে হতে পারে বাংলাদেশ দলকে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ