যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং বিমান কিনবে বাংলাদেশ: সার্জিও গর
যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ ক্রয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে ওয়াশিংটনের সঙ্গে এক নতুন চুক্তিতে পৌঁছেছে ঢাকা। নতুন এই চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র থেকে অতিরিক্ত বোয়িং বিমান কিনতে বাংলাদেশ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর।
রবিবার (৩০ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
পোস্টে গর উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে সম্প্রতি এক ‘অবিশ্বাস্য চুক্তি’ স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, বাংলাদেশ তাদের উড়োজাহাজ ক্রয়ের আগের অর্ডারের পরিমাণ বাড়িয়ে অতিরিক্ত বোয়িং কেনার জন্য বিলিয়ন ডলার ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে।
তবে নতুন এই চুক্তির আওতায় মোট কতটি বোয়িং বা কোন মডেলের উড়োজাহাজ কেনাবেচা হবে এবং এর মোট আর্থিক পরিমাণ ঠিক কত, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি মার্কিন এই বিশেষ দূত।
উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য আলোচনার ধারাবাহিকতায় ২০২৫ সালের জুলাইয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকীকরণ ও সম্প্রসারণের লক্ষ্যে বোয়িং কেনার পরিকল্পনা ১৪টি থেকে বাড়িয়ে ২৫টিতে উন্নীত করা হয়। পরবর্তীতে গত এপ্রিলে বিমানের সঙ্গে বোয়িংয়ের ১৪টি নতুন উড়োজাহাজ কেনার বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি সম্পাদিত হয়।
ওই চুক্তির অধীনে আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স জেট উড়োজাহাজ কেনার কথা ছিল, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৩.৭ বিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ হাজার কোটি টাকা)। আগের চুক্তি অনুযায়ী, বোয়িংয়ের প্রথম উড়োজাহাজটি ২০৩১ সালের নভেম্বরের মধ্যে এবং বাকি উড়োজাহাজগুলো ২০৩৫ সালের অক্টোবরের মধ্যে বিমানের বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে।
মতামত দিন