বিদ্যুৎ সরবরাহের জন্য আদানিকে ১৭৩ মিলিয়ন ডলার পরিশোধ করবে বাংলাদেশ
আদানি পাওয়ারের পাওনা পরিশোধের জন্য ১৭৩ মিলিয়ন ডলারের নতুন ঋণপত্র (এলসি) ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। সরকারি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস।
এ বিষয়ে অবগত একজন কর্মকর্তা বলেন, ‘এই নিয়ে তৃতীয় এলসি ইস্যু করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। বাংলাদেশ কৃষি ব্যাংক এই এলসি ইস্যু করেছে। এই এলসির ভারতীয় পক্ষ হচ্ছে আইসিআইসিআই ব্যাংক। আগের এলসিগুলো বিদ্যুৎ ক্রয় চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না।’
সম্প্রতি ৮৪৩ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধের জন্য বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে ভারতের আদানি পাওয়ার। তারপর বকেয়া পাওনার দাবিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়ার হুমকি দেয় তারা। এর পরই এই সিদ্ধান্ত নেয়া হয়।
কর্মকর্তা আরও বলেন, ‘আদানি পাওয়ার বিপিডিবির কাছে অতিরিক্ত ১৫-২০ মিলিয়ন ডলার দাবি করেছে। এই অর্থ না দিলে কোম্পানিটি বন্ধ করে দেয়া প্রথম ৮০০ মেগাওয়াটের ইউনিটটি ফের চালু করবে না।’
একজন শিল্প কর্মকর্তা ইকোনমিক টাইমসকে বলেন, 'আইএমএফ থেকে ঋণ পাওয়ায় বিপিডিবি ধীরে ধীরে পেমেন্ট করে দিচ্ছে।'
ওই কর্মকর্তা আরও বলেন, জুলাই থেকে অক্টোবরের মধ্যে আদানি পাওয়ারের পাওনা ছিল প্রায় ৪০০ মিলিয়ন ডলার। এর মধ্যে বাংলাদেশ অন্তত অর্ধেক বকেয়া পরিশোধ করেছে।
জানা গেছে, ২০১৫ সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে আদানির ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) স্বাক্ষর হয়। এজন্য আদানি পাওয়ার থেকে ১,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ পায় বাংলাদেশ। এতে বাংলাদেশের বিদ্যুতের প্রায় ১০ শতাংশ চাহিদা পূরণ হয়।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর গত সেপ্টেম্বরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে প্রায় ৮৫০ মিলিয়ন ডলার বকেয়া দ্রুত পরিশোধে হস্তক্ষেপের অনুরোধ জানান আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। এরপরে অক্টোবরে বিল পরিশোধ না করলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়ার হুমকি দিয়ে আবারও বিপিডিবিকে ৩০ অক্টোবরের মধ্যে বকেয়া পরিশোধ করতে চিঠি দেয় এই বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি। ওই চিঠিতে কোম্পানিটি বলে, বিল পরিশোধ না করলে পিপিএর আওতায় ৩১ অক্টোবর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
আদানি পাওয়ার ছাড়াও এসইআইএল, এনপিটিসি লিমিটেড ও পিটিসি ইন্ডিয়া বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিক্রি করে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে