Views Bangladesh Logo

আসিয়ান কাপ খেলতে বাংলাদেশ দল এখন ইন্দোনেশিয়ায়

Sports Desk

ক্রীড়া ডেস্ক

আসিয়ান কাপের মিশনে বাংলাদেশ দল এখন ইন্দোনেশিয়ায়। রবিবার সকালে দেশটির রাজধানী জাকার্তায় পৌঁছেছে লাল-সবুজের প্রতিনিধিরা। সিঙ্গাপুরে প্রায় তিন ঘণ্টার ট্রানজিট শেষে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে জাকার্তায় পৌঁছায় বাংলাদেশ দল।

আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে ফিফা আসিয়ান কাপ। টুর্নামেন্ট শুরুর পাঁচ দিন আগেই ইন্দোনেশিয়ায় পৌঁছানোর পরিকল্পনা ছিল বাংলাদেশের। দীর্ঘ ভ্রমণের ধকল কাটিয়ে খেলোয়াড়দের বিশ্রামের পাশাপাশি স্থানীয় আবহাওয়া, সময় ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দিতেই আগেভাগে দেশটিতে গেছে দল।

জাকার্তায় পৌঁছে আজ কিছুটা বিশ্রাম নেবেন খেলোয়াড়েরা। এরপর সন্ধ্যা ৭টায় শুরু হবে অনুশীলন। ২২ সেপ্টেম্বরের পর ফিফার ব্যবস্থাপনায় নির্ধারিত অনুশীলন মাঠ ব্যবহারের সুযোগ পাবে বাংলাদেশ। তার আগে বাফুফের ব্যবস্থাপনায় অনুশীলনের মাঠ ঠিক করা হয়েছে। ফলে ইন্দোনেশিয়ায় পৌঁছানোর পরপরই প্রস্তুতিতে ছন্দপতনের শঙ্কা নেই দলের।

তবে জাকার্তায় পৌঁছেও পূর্ণ শক্তির দল পাচ্ছেন না কোচ থমাস ডুলি। হামজা চৌধুরী, শমিত সোম ও ফারহান আলী ওহেদ দলের সঙ্গে একই ফ্লাইটে আসেননি। বাংলাদেশ সময় অনুযায়ী আজ তারা ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা দেবেন। ২১ সেপ্টেম্বর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের।

এই তিন খেলোয়াড় যোগ দেওয়ার পরই আসন্ন টুর্নামেন্টের জন্য ডুলির হাতে পূর্ণ ২৩ সদস্যের দল পাওয়া যাবে।

২৫ সেপ্টেম্বর আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে হামজা চৌধুরীর দল।

টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে জাকার্তায় কয়েক দিন অনুশীলন ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ কাজে লাগাতে চাইবে বাংলাদেশ।



মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ