থাইল্যান্ডের বিমানবন্দরে দুই দিন ধরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল
জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে অংশ নিতে গিয়ে চরম বিপাকে পড়েছেন বাংলাদেশ জাতীয় টেবিল টেনিস (টিটি) দলের সদস্যরা। থাইল্যান্ডে আকস্মিক বন্যার কারণে ফ্লাইট শিউডল বিপর্যয় ঘটায় ব্যাংকক বিমানবন্দরে গত দুই দিন ধরে আটকা পড়ে আছেন টেবিল টেনিস দলের পাঁচ খেলোয়াড় ও কোচ।
আটকা পড়া খেলোয়াড়রা হলেন—রামহিমলিয়ন বম, ইমরুল কায়েস ইমন, সোনাম সুলতানা সোমা, নওরিন সুলতানা মাহি, সামান্তা হোসেন তুসি। তাঁদের সঙ্গে সেখানে আটকে আছেন দলের প্রধান কোচ ও টেবিল টেনিস ফেডারেশনের সদস্য মো. মহসিনুল আলম ঝিনু।
অবশ্য প্রতিনিধিদলের বাকি সদস্যরা নিরাপদে দেশে ফিরেছেন। ভিন্ন ফ্লাইটের টিকিট থাকায় দলের ম্যানেজার ও ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সাইদুল হক সাদী এবং পুরুষ দলের শীর্ষ খেলোয়াড় মুহতাসিন আহমেদ হৃদয় ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন।
দলীয় সূত্র জানিয়েছে, থাই এয়ারওয়েজের ফ্লাইটে থাকা যাত্রীরাই সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। আকস্মিক
বন্যায় বিমানবন্দর চত্বর ও আশেপাশের এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ায় এয়ারলাইন্স কর্তৃপক্ষ কিংবা বিমানবন্দর প্রশাসন আটকা পড়া যাত্রীদের পর্যাপ্ত সেবা ও সহায়তা দিতে পারছে না। ফলে চরম অনিশ্চয়তা ও খাদ্য-থাকার সংকটে বিমানবন্দরেই প্রহর গুনছেন জাতীয় দলের খেলোয়াড়রা।
এমন জরুরি পরিস্থিতিতে আটকা পড়া খেলোয়াড় ও কোচকে দ্রুত উদ্ধার করে দেশে ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। দ্রুততম সময়ে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করে তাঁদের ঢাকায় আনার চেষ্টা চালানো হচ্ছে বলে অ্যাসোসিয়েশন সূত্রে নিশ্চিত করা হয়েছে।
মতামত দিন