Views Bangladesh Logo

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় সুইজারল্যান্ড

বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরও প্রসারিত করার লক্ষ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি।

সোমবার (৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর নিজ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশের সম্ভাবনাময় অর্থনৈতিক খাতগুলোতে সুইস বিনিয়োগ বৃদ্ধিসহ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের পরিধি বাড়ানোর বিভিন্ন উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অর্থনৈতিক অংশীদারিত্বকে বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্কের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে উল্লেখ করে বাংলাদেশি কর্মীদের কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতা উন্নয়নের সুযোগ বাড়ানোর বিষয়ে বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়ার বিষয়েও একমত হন তারা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যে রাজনৈতিক, সাংস্কৃতিক এবং পারস্পরিক সুসম্পর্ক শক্তিশালী করতে নিয়মিত যোগাযোগের ওপর গুরুত্ব আরোপ করেন। সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, বার্নে বাংলাদেশের নতুন দূতাবাস কার্যক্রম শুরু করলে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক হবে।

বৈঠকে উভয় পক্ষ গণতন্ত্র, মানবাধিকার, বহুপাক্ষিকতা, আন্তর্জাতিক আইন ও নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থাসহ অভিন্ন মূল্যবোধের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। এসব মূল্যবোধ সমুন্নত রাখতে বহুপাক্ষিক বিভিন্ন ফোরামে একসঙ্গে কাজ করার বিষয়েও সম্মত হয় তারা।

এ ছাড়া বিশাল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের উদারতার প্রশংসা করেন সুইস রাষ্ট্রদূত রেংগলি। মিয়ানমারে রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের পাশাপাশি এই সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টায় সুইজারল্যান্ডের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ