Views Bangladesh Logo

জিম্বাবুয়ের কাছে ওয়ানডেতেও বাংলাদেশের লজ্জার হার

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ব্লেসিং মুজারাবানি ক্যাচ ধরার পর হাত মুঠো করে উদ্‌যাপনে ব্যস্ত। মোস্তাফিজুর রহমানকে আউট করার পর বোলার রিচার্ড এনগারাভা শূন্যে কী যেন ইঙ্গিত করেন। হারারে স্টেডিয়ামের ডাগআউটে তখন জিম্বাবুয়ের খেলোয়াড়দের উচ্ছ্বাস। বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম ওয়ানডের সারমর্ম বর্ণনায় এটুকুই যথেষ্ট। ব্যাটিং ব্যর্থতায় ২৫ রানে হেরে গেল মেহেদী হাসান মিরাজের দল।

হারারে স্পোর্টস ক্লাবেই কদিন আগে সিরিজের একমাত্র টেস্টে জিম্বাবুয়ের কাছে ইনিংস ও ৮৫ রানে হেরেছিল বাংলাদেশ। সেই ক্ষতে প্রলেপ দেওয়ার সম্ভাবনা এবার তৈরি করেছিলেন নাহিদ রানা-তাসকিন আহমেদরা। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমেও ১১৬ রানে গুটিয়ে গেল বাংলাদেশ। এ জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল জিম্বাবুয়ে।

লক্ষ্য তাড়ায় নেমে ৪.১ ওভারেই ৩ উইকেটে ১৭ রানে পরিণত হয় বাংলাদেশ। এতে জিম্বাবুয়ের দুর্দান্ত ফিল্ডিংয়ের চেয়ে বাংলাদেশের ব্যাটারদের দায়ই বেশি। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে মুজারাবানিকে ফ্লিক করতে যান তানজিদ হাসান তামিম। ডিপ স্কয়ার লেগে নিউমান নিয়ামহুরি দুবারের চেষ্টায় বল তালুবন্দী করেন।

তানজিদ তামিম করেন ৮ রান। তার মতো এক অঙ্কের ঘরে আউট হন সৌম্য সরকার (৬) ও নাজমুল হোসেন শান্ত (৩)। এরপর হাল ধরেন তাওহীদ হৃদয় ও নুরুল হাসান সোহান। চতুর্থ উইকেটে ৪৯ রানের জুটি গড়েন এই দুজন। তবে জুটি ভাঙার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ