আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফি
নেদারল্যান্ডসের কাছে ৫ উইকেটে হারল বাংলাদেশ
পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে নারী ইমার্জিং নেশনস ট্রফি শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি নিগার সুলতানার দল।
এবার নেদারল্যান্ডসের কাছে ৫ উইকেটে হেরে টুর্নামেন্টে নিজেদের অবস্থান কঠিন করে ফেলেছে বাংলাদেশ। দিলারা আক্তারের টানা দ্বিতীয় ফিফটিও দলকে হার থেকে বাঁচাতে পারেনি।
সোমবার (১৬ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আজমানের কারওয়ান ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান করে বাংলাদেশ। জবাবে ১৯ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে ১৩১ রান তুলে জয় নিশ্চিত করে নেদারল্যান্ডস।
বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৫১ রান করেন দিলারা আক্তার। ৪৬ বলের ইনিংসে চারটি চার ও দুটি ছক্কা মারেন তিনি। আগের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ৬৮ রান করা দিলারা এদিনও দলের ইনিংসের মূল ভরসা ছিলেন। তবে তাঁর বিদায়ের পর শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে বড় সংগ্রহ গড়ার সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ।
দ্বিতীয় উইকেটে শারমিন আক্তারকে নিয়ে ৪৪ রান যোগ করেন দিলারা। ২২ বলে ১৯ রান করে শারমিন ফিরলে নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে ইনিংস এগিয়ে নেন তিনি। জ্যোতি ২২ বলে ২০ রান করেন। স্বর্ণা আক্তার ১৩ বলে ১৯ রান যোগ করেন। তবে শেষ ওভারে তিন উইকেট হারিয়ে মাত্র ৫ রান তুলতে পারে বাংলাদেশ। এতে ১৯ ওভারে ৫ উইকেটে ১২৪ রান থেকে শেষ পর্যন্ত ৮ উইকেটে ১২৯ রানে থামে তাদের ইনিংস।
নেদারল্যান্ডসের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন হেদার সিগার্স। ৪ ওভারে ২১ রান দিয়ে চার উইকেট নেন তিনি। এর মধ্যে শেষ ওভারেই শিকার করেন তিনটি উইকেট। হান্না ল্যান্ডহিয়ার পান দুটি উইকেট।
১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় নেদারল্যান্ডস। দলীয় ১১ রানে হেদার সিগার্সকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন সানজিদা আক্তার মেঘলা। পরে অধিনায়ক বাবেত দে লিডেকে ফেরান রাবেয়া খান। ২৮ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে ডাচরা।
ফিবে মোলকেনবোর ও স্টারে কালিসের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে নেদারল্যান্ডস। তৃতীয় উইকেটে ৪১ রান যোগ করেন তাঁরা। মোলকেনবোর ২৪ বলে ২০ রান করে ফিরলে জুটি ভাঙে। এরপর রবিনে রাই রানআউট হন এবং আইরিস জুইলিংকে ফেরান ঋতু মনি। ১৩ ওভার ৫ বলে ৭৬ রানে পাঁচ উইকেট হারিয়ে তখন বেশ চাপে ছিল নেদারল্যান্ডস।
কিন্তু ষষ্ঠ উইকেটে ম্যাচের চিত্র পাল্টে দেন কালিস ও ফ্রেডেরিক ওভারডাইক। দুজনের অবিচ্ছিন্ন ৫৫ রানের জুটিতে জয় নিশ্চিত করে ডাচরা। এক প্রান্ত আগলে রেখে আক্রমণাত্মক ব্যাটিং করা কালিস ৫০ বলে আটটি চারের সাহায্যে ৬৮ রানে অপরাজিত থাকেন। ওভারডাইক ১১ বলে করেন অপরাজিত ১২ রান।
শেষ ওভারে নেদারল্যান্ডসের প্রয়োজন ছিল সাত রান। জান্নাতুল ফেরদৌসের প্রথম বলে কোনো রান নিতে পারেননি কালিস। পরের দুই বলে দুটি করে রান নেওয়ার পর চতুর্থ বলে চার মেরে দুই বল হাতে রেখেই দলের জয় নিশ্চিত করেন তিনি।
বাংলাদেশের হয়ে রাবেয়া খান ৪ ওভারে ২২ রান দিয়ে দুটি উইকেট নেন। সানজিদা আক্তার মেঘলা ও ঋতু মনি একটি করে উইকেট পান। তবে শেষ দিকে আর উইকেট নিতে না পারায় ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।
এই হারে তিন ম্যাচে এক জয় ও দুই পরাজয় নিয়ে গ্রুপ ‘বি’-তে চাপে পড়েছে বাংলাদেশ। পাঁচ দলের এই গ্রুপ থেকে শীর্ষ তিনটি দল সুপার সিক্সে উঠবে। ফলে পরের ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
আগামী বুধবার (১৮ নভেম্বর) আজমানের সেভেন ডিস্ট্রিক্টস স্পোর্টস ক্লাব মাঠে থাইল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। সুপার সিক্সে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে ওই ম্যাচে জয়ের বিকল্প নেই লাল-সবুজের মেয়েদের সামনে।
মতামত দিন