Views Bangladesh Logo

ইরানের ওপর ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

রানের ওপর সাম্প্রতিক ইসরায়েলি সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এই হামলাকে আন্তর্জাতিক আইন এবং ইরানের সার্বভৌমত্বের ‘বেআইনি এবং আক্রমণাত্মক’ লঙ্ঘন বলে অভিহিত করেছে।

গাজায় ইসরায়েলের অব্যাহত সামরিক আগ্রাসনেরও নিন্দা করেছে বাংলাদেশ, যার ফলে ৬০০ দিনেরও বেশি সময় ধরে ব্যাপক বেসামরিক হতাহত এবং ধ্বংসযজ্ঞ চলছে।

তুরস্কের ইস্তাম্বুলে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (সিএফএম) ৫১তম অধিবেশনে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘ইসরায়েলি নির্মম আগ্রাসন আঞ্চলিক স্থিতিশীলতা এবং বিশ্বশান্তির জন্য হুমকিস্বরূপ’।

অধিবেশনে সভাপতিত্ব করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলকে জবাবদিহি করতে এবং কূটনীতি ও আন্তর্জাতিক রীতিনীতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শান্তি প্রচারের আহ্বান জানান তৌহিদ হোসেন। ওআইসি সনদের শান্তি, সংহতি এবং উন্নয়নের নীতির প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের অবশ্যই মুসলিম বিশ্বের রূপান্তরকারী শক্তি হিসেবে ওআইসিকে শক্তিশালী করতে হবে’।

তিনি গাজার মানবিক সংকট, রোহিঙ্গাদের চলমান দুর্দশা, জলবায়ু ঝুঁকি এবং ইসরায়েল ও ইরানের সাথে সাম্প্রতিক সংঘাতসহ জরুরি বিষয়গুলো তুলে ধরেন।

‘এই চ্যালেঞ্জগুলো পুনরুজ্জীবিত এবং গতিশীল ওআইসি গঠনের আহ্বান জানায়’- বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

ফিলিস্তিনি ইস্যুতে পরিস্থিতিকে মুসলিম এবং বিশ্ব সম্প্রদায়ের ‘লিটমাস পরীক্ষা’ বলেও অভিহিত করেন তিনি।

বাংলাদেশ অবিলম্বে যুদ্ধবিরতি, অবাধ মানবিক সহায়তা এবং ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী করে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের দাবি জানায়। আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ন্যায়বিচার ও জবাবদিহি করতে ওআইসিকে চাপ দেয়ারও আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা।

চলতি মাসের শুরুতেও ইরানের ওপর ইসরায়েলের হামলার নিন্দা এবং আঞ্চলিক উত্তেজনা আরও বৃদ্ধি এড়াতে সবপক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ এবং বিশ্ব সম্প্রদায়কে কূটনীতি ও পারস্পরিক শ্রদ্ধায় স্থিতিশীল মধ্যপ্রাচ্য গড়তে সম্মিলিতভাবে কাজ করারও আহ্বান জানায় দেশটি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ