Views Bangladesh Logo

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ

হামজা চৌধুরীর নেতৃত্বে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে লাল-সবুজের প্রতিনিধিরা। চারটি গোল করেছেন চার ফুটবলার। শমিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেনের গোলে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে দলটি। আগামী ১৪ নভেম্বর রাত ৮টা ৩০ মিনিটে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে হামজার দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। অষ্টম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। ডান দিক থেকে হামজা চৌধুরীর বাড়ানো ক্রসে শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা বল নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন। ফিরতি বল পেয়ে জালে পাঠান শমিত সোম। তাতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

এরপর ব্যবধান বাড়াতে একের পর এক আক্রমণ চালায় স্বাগতিকরা। ২৫ মিনিটে ফারহান আলী ওয়াহিদের হেড থেকে পাওয়া বলে ব্যাকহিল শটে গোলের চেষ্টা করেন হামজা। তবে তার শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

প্রথমার্ধের শেষ দিকে ৪৩ মিনিটে ইব্রাহিমের পাস পেয়ে দ্রুতগতিতে এগিয়ে যান অধিনায়ক হামজা। পথে এক ডিফেন্ডারকে কাটিয়ে নেওয়া তার শট গোলরক্ষক পেরেরার গায়ে লেগে জালে জড়ায়। জাতীয় দলের অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই গোল পেলেন হামজা। বাংলাদেশের জার্সিতে এটি তার পঞ্চম গোল। পাঁচটি গোলই করেছেন জাতীয় স্টেডিয়ামে। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার কমেনি বাংলাদেশের। ৫৩ মিনিটে ব্যক্তিগত নৈপুণ্যে দর্শকদের মুগ্ধ করেন ফারহান আলী ওয়াহিদ। বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে শ্রীলঙ্কার তিন ডিফেন্ডারকে একে একে কাটিয়ে বক্সে ঢোকেন তিনি। এরপর ডান পায়ের শটে বল জালে পাঠিয়ে ব্যবধান বাড়ান ৩-০ করেন। ফারহানের দুর্দান্ত গোলের পর সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাসে যোগ দেন হামজাও।

এরপরও গোলের জন্য চাপ অব্যাহত রাখে বাংলাদেশ। ৮৩ মিনিটে বক্সের বাইরে থেকে সুকি ইতফুসার নেওয়া শট দারুণভাবে ঠেকিয়ে দেন শ্রীলঙ্কার গোলরক্ষক। তবে এক মিনিট পরই পাল্টা আক্রমণ থেকে আসে চতুর্থ গোল।

৮৫ মিনিটে বল পেয়ে দ্রুতগতিতে এগিয়ে যান রাকিব হোসেন। এক ডিফেন্ডারকে পেছনে ফেলে সামনে পান শুধু গোলরক্ষক পেরেরাকে। তাকে পরাস্ত করে দারুণ এক চিপ শটে বল জালে পাঠান রাকিব। তাতেই শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

ম্যাচের শেষ দিকে অবশ্য চোটের ধাক্কাও খেয়েছে বাংলাদেশ। ৭৬ মিনিটে গোড়ালিতে চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন সাদ উদ্দিন। তার জায়গায় মাঠে নামেন রহমত শাহ। একই সময়ে কাজেম শাহর বদলি হিসেবে নামেন জামাল ভূঁইয়া।

চার গোলের দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে উঠেছে বাংলাদেশ। এবার সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে হামজার দল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ