অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ
ভারতকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে বাংলাদেশের যুবারা
ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। এটা সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে বাংলাদেশের চতুর্থ ফাইনাল।
সোমবার (২৬ অগাষ্ট) নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে যুব সাফের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামে লাল-সবুজের দলটি। প্রথমার্ধের ৩৫তম মিনিটে নিখুঁত শটে বাংলাদেশকে এগিয়ে নেন আসাদুল মোল্লা।
তবে দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে ভারতকে সমতায় ফেরান মিতি হবাম। এরপরে আর কোনো পক্ষই গোলের দেখা না পেলে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ১-১ গোলের ড্রতে। এর ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশের যুবারা।
এর আগেও ২০১৭, ২০১৯ ও ২০২২ সালে তিনবার যুব সাফের ফাইনাল খেলেছে বাংলাদেশ। এবার ফাইনালে প্রতিপক্ষ নেপাল। বুধবার দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে