যাত্রা শুরু করলো বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি
দেশের উদীয়মান প্রযুক্তিভিত্তিক উদ্যোগ বা স্টার্টআপ খাতে অর্থায়নের নতুন দিগন্ত উন্মোচন করে যাত্রা শুরু করেছে বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি (বিএসআইসি)। দেশের ৩৯টি ব্যাংকের যৌথ উদ্যোগে প্রায় ৬০০ কোটি টাকা মূলধন নিয়ে গঠিত এই বিশেষায়িত প্রতিষ্ঠান আগামী ৩০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় অংশগ্রহণকারী ব্যাংকগুলো তাদের মুনাফার ১ শতাংশ করে অর্থ এই তহবিলে যুক্ত করেছে। প্রতিবছরও ব্যাংকগুলোর মুনাফার ১ শতাংশ এই তহবিলে যোগ হবে, ফলে সময়ের সঙ্গে তহবিলের আকার আরও বাড়বে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদে রয়েছেন দেশের শীর্ষ পাঁচ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন। কৌশলগত পরামর্শক হিসেবে যুক্ত রয়েছে গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান লাইট ক্যাসেল পার্টনার্স।
বিএসআইসির মূল লক্ষ্য হলো সম্ভাবনাময় প্রযুক্তিনির্ভর নতুন উদ্যোগগুলোকে ইক্যুইটি ভিত্তিক পুঁজি, কৌশলগত সহায়তা এবং নিয়মিত তদারকি দেওয়া। শুধু অর্থায়ন নয়, দেশি উদ্যোগগুলোর জন্য বিদেশি ভেঞ্চার ক্যাপিটালের সঙ্গে যৌথ বিনিয়োগ আনার ক্ষেত্রেও কাজ করবে প্রতিষ্ঠানটি।
জানা গেছে, আগামী জুনের মধ্যে অন্তত তিনটি স্টার্টআপে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। পরবর্তী দুই বছরে আরও ৮ থেকে ১২টি উদ্যোগে পুঁজি জোগানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
চেয়ারম্যান মাসরুর আরেফিন বলেন, তরুণ উদ্যোক্তাদের জন্য বিএসআইসি একটি পূর্ণাঙ্গ সেবাদাতা প্রতিষ্ঠানের মতো কাজ করবে। শুধু পুঁজির জোগান নয়, নিয়মিত পরামর্শ ও পর্যবেক্ষণের মাধ্যমে উদ্যোগগুলোকে সফল করে তোলাই হবে প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য।
মতামত দিন