টি-টোয়েন্টি সিরিজও হার দিয়ে শুরু বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। টেস্ট ও ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি সিরিজও শুরু হলো হার দিয়ে। ব্যাটারদের হতাশাজনক পারফরম্যান্সে প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক জিম্বাবুয়ের কাছে ৩২ রানে হেরেছে বাংলাদেশ।
বুধবার বুলাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে জয়ের জন্য ১৭১ রানের লক্ষ্য পেয়েও ১৯ ওভারে ১৩৮ রানেই অলআউট হয়ে যায় টাইগাররা। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল জিম্বাবুয়ে।
টস জিতে বাংলাদেশ প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে জিম্বাবুয়ে তিন ওভারে তুলে ফেলে ৩৬ রান। পরে নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা।
নাহিদ ৪ ওভারে ২৬ রান দিয়ে ৪ উইকেট শিকার করলেও শেষ ওভারে ১৮ রান খরচ করায় জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৭০ রান। দলের হয়ে ব্রায়ান বেনেট ৪৪, রায়ান বার্ল অপরাজিত ৩০ এবং ব্র্যাড ইভান্স ১০ বলে অপরাজিত ১৯ রান করেন। বাংলাদেশের হয়ে নাহিদ রানা চারটি এবং মোহাম্মদ সাইফ উদ্দিন দুটি উইকেট নেন।
১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দুই ওপেনার সাইফ হাসান (১২) ও তানজিদ হাসান (১৬) দ্রুত ফিরে যান। এরপর পারভেজ হোসেন ইমন (৫), অধিনায়ক তাওহীদ হৃদয় (১৪) ও নুরুল হাসান সোহানও (৩) ব্যর্থ হন।
ব্যাটিং বিপর্যয়ের মাঝেও একাই লড়াই চালিয়ে যান তিন বছর পর জাতীয় দলে ফেরা ইয়াসির আলি রাব্বি। ৩৩ বলে ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি ফিফটি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৩৮ বলে ৫৪ রানের ইনিংস খেলেন ইয়াসির। শেখ মেহেদী হাসানের সঙ্গে ৫২ রানের জুটি গড়ে ম্যাচে ফেরার আশা জাগিয়েছিলেন তিনি।
তবে শেষ দিকে রিচার্ড এনগারাভার জোড়া আঘাতে বাংলাদেশের শেষ আশা নিভে যায়। একই ওভারে ইয়াসির আলি ও সাইফ উদ্দিনকে ফিরিয়ে দিয়ে জিম্বাবুয়ের জয় নিশ্চিত করেন এই বাঁহাতি পেসার।
মতামত দিন