আমিরাতে বেসামরিক স্থাপনায় হামলায় বাংলাদেশের উদ্বেগ
মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে বেসামরিক স্থাপনায় হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনায় উদ্বেগ প্রকাশের পাশাপাশি দেশটিতে থাকা বাংলাদেশিদের নিরাপত্তাঝুঁকির বিষয়টিও তুলে ধরেছে।
আজ ভোরে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় একটি তেল শোধনাগারে ড্রোন হামলা হয়। এতে সেখানে কর্মরত তিনজন আহত হন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতে বেসামরিক স্থাপনায় এ হামলার ঘটনায় বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। এ ঘটনা দেশটির বেসামরিক নাগরিকসহ সেখানে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের জীবনও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। বিবৃতিতে আরও জানানো হয়, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে আটজন বাংলাদেশি নিহত হয়েছেন।
ফুজাইরায় তেল শোধনাগারে হামলার জন্য আমিরাত ইরানকে দায়ী করেছে। তবে তেহরান এখনো এর দায় স্বীকার করেনি। গত এপ্রিলের শুরু থেকে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি চললেও ফুজাইরার এই হামলা সংঘাত পুনরায় শুরুর ঝুঁকি তৈরি করেছে।
সংঘাত না বাড়িয়ে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের প্রত্যাশা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, কূটনৈতিক আলোচনার মধ্য দিয়ে সব ধরনের মতপার্থক্যের অবসান ঘটানো সম্ভব। পাশাপাশি পরিস্থিতি সংঘাতের দিকে না গড়ানোর জন্য মধ্যপ্রাচ্যের সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে