Views Bangladesh Logo

শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও দুই ধাপ পেছাল বাংলাদেশ

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও দুই ধাপ পেছাল বাংলাদেশ। লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান ‘হেনলে অ্যান্ড পার্টনার্স’ কর্তৃক প্রকাশিত সর্বশেষ সূচক অনুযায়ী, বর্তমানে বিশ্বের ১৯৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৭তম। চলতি বছরের শুরুর দিকে এই অবস্থান ছিল ৯৫তম।

গত মঙ্গলবার (২১ জুলাই) সংস্থাটি তাদের ওয়েবসাইটে ২২৭টি সম্ভাব্য ভ্রমণ গন্তব্য বিশ্লেষণ করে এই নতুন সূচক প্রকাশ করে। এই সূচকে মূলত আগাম ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল সুবিধায় কতটি দেশে প্রবেশ করা যায়, তার ওপর ভিত্তি করে অবস্থান নির্ধারণ করা হয়।

প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ৩৫টি দেশে বিনা ভিসায় কিংবা অন-অ্যারাইভাল ভিসা সুবিধায় ভ্রমণ করতে পারছেন। অথচ ২০২৫ ও ২০২৬ সালের জানুয়ারি মাসের সূচকে এই সংখ্যা ছিল ৩৭টি। অর্থাৎ গত ছয় মাসের ব্যবধানে বাংলাদেশ দুটি দেশে ভ্রমণের সুবিধা হারিয়েছে।

তবে চলতি বছরের শুরুর তুলনায় অবস্থানের দিক থেকে পেছালেও গত বছরের (জুলাই ২০২৫) তুলনায় সার্বিক সূচকে বাংলাদেশ তিন ধাপ এগিয়েছে; সে সময় অবস্থান ছিল ১০০তম। নতুন প্রকাশিত এই সূচকে বাংলাদেশ যৌথভাবে উত্তর কোরিয়ার সাথে ৯৭তম স্থানে অবস্থান করছে।

হেনলে অ্যান্ড পার্টনার্ এর সূচক অনুসারে, বর্তমানে ১৭টি দেশ ও অঞ্চলে সম্পূর্ণ ভিসামুক্ত প্রবেশাধিকার পাচ্ছেন বাংলাদেশি পাসপোর্টধারীরা। এগুলো হলো—রুয়ান্ডা, বাহামাস, বার্বাডোস, জাম্বিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, জ্যামাইকা, মন্টসেরাট, কুক আইল্যান্ডস, ভানুয়াতু, ফিজি, কিরিবাতি, মাইক্রোনেশিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।

এছাড়া আরও ১৪টি দেশে অন-অ্যারাইভাল ভিসায় যেতে পারবে বাংলাদেশিরা। এগুলো হলো—ভুটান, বুরুন্ডি, মালদ্বীপ, নেপাল, কম্বোডিয়া, তিমুর-লেস্তে, কোমোরোস দ্বীপপুঞ্জ, জিবুতি, গিনি-বিসাউ, মাদাগাস্কার, সিয়েরা লিওন, নিউই, সামোয়া ও টুভালু। এসব দেশের পাশাপাশি শ্রীলঙ্কা, কেনিয়া এবং সেন্ট কিটস অ্যান্ড নেভিসে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) নিয়ে ভ্রমণ করতে পারবে বাংলাদেশি পাসপোর্টধারীরা।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের সম্মান ধরে রেখেছে সিঙ্গাপুর, যাদের নাগরিকরা ১৯২টি গন্তব্যে ভিসামুক্ত যাতায়াত করতে পারেন।

১৮৮টি গন্তব্যে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা নিয়ে যৌথভাবে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত।

১৮৭টি গন্তব্যে ভ্রমণের সুবিধা নিয়ে সুইডেনের অবস্থান তৃতীয় এবং ১৮৬টি গন্তব্য নিয়ে যৌথভাবে
চতুর্থ অবস্থানে রয়েছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে ও স্পেন।

যৌথভাবে ১৮৫টি গন্তব্যে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা নিয়ে তালিকার পঞ্চম অবস্থানে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা, পর্তুগাল ও সুইজারল্যান্ড। হাঙ্গেরি, পোল্যান্ড ও যুক্তরাজ্য রয়েছে ষষ্ঠ স্থানে। এছাড়া অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, লাতভিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া সপ্তম; ক্রোয়েশিয়া ও এস্তোনিয়া অষ্টম এবং লিখটেনস্টাইন ও লিথুয়ানিয়া নবম স্থানে অবস্থান করছে। আর আইসল্যান্ড ও যুক্তরাষ্ট্র যৌথভাবে রয়েছে দশম স্থানে।

১৬৯টি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশাধিকার নিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা যৌথভাবে ১৬তম স্থানে রয়েছে। অন্য দেশগুলোর মধ্যে ১৪২টি গন্তব্য নিয়ে ইউক্রেন ৩১তম, ১১৪টি গন্তব্য নিয়ে রাশিয়া ৪৭তম এবং ১৬৬টি গন্তব্যে ভ্রমণের সুবিধাসহ ইসরায়েল রয়েছে ১৮তম স্থানে। ৩৭টি গন্তব্য নিয়ে ইরান ও ফিলিস্তিন যৌথভাবে ৯৬তম, সৌদি আরব ৫৪তম এবং চীন ও কসোভো যৌথভাবে ৬০তম স্থানে অবস্থান করছে। অন্যদিকে হাইতি ও ভিয়েতনাম যৌথভাবে রয়েছে ৮৭তম স্থানে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ৯৩টি গন্তব্যে ভিসামুক্ত ভ্রমণের সুবিধাসহ মালদ্বীপের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী অবস্থান ধরে রেখে সূচকের ৫২তম স্থানে রয়েছে। ৫৫টি গন্তব্য নিয়ে ভারত ৮১তম, ভুটান ৮৮তম, মিয়ানমার ৯১তম এবং শ্রীলঙ্কা ৯৪তম স্থানে অবস্থান করছে। ৩৪টি গন্তব্যে ভ্রমণের সুযোগ নিয়ে নেপাল বাংলাদেশের ঠিক নিচে ৯৮তম এবং ২৯টি গন্তব্য নিয়ে পাকিস্তান ১০১তম স্থানে রয়েছে। এছাড়া সিরিয়া ১০৩তম ও ইরাক ১০২তম স্থানে থাকলেও মাত্র ২২টি ভিসামুক্ত গন্তব্য নিয়ে তালিকার সর্বনিম্নে ১০৪তম স্থানে রয়েছে আফগানিস্তান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ