লিঙ্গসমতা সূচকে ৫৫ ধাপ পিছিয়েছে বাংলাদেশ
বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট ২০২৬’-এ নারী-পুরুষ সমতায় ৫৫ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ১৪৫টি দেশের মধ্যে ৭৯তম অবস্থানে রয়েছে দেশটি। তবে বড় এই পতনের পরও টানা ১২ বছরের মতো দক্ষিণ এশিয়ায় লিঙ্গসমতায় শীর্ষ অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।
২০২৫ সালের সূচকে ৭৫ ধাপ এগিয়ে ২৪তম অবস্থানে উঠেছিল বাংলাদেশ। এবার সার্বিক লিঙ্গসমতার হার ৭১.২ শতাংশে নেমেছে, যা গত বছর ছিল ৭৭.৫ শতাংশ। প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক ক্ষমতায়ন সূচকে ২১.২ শতাংশ পয়েন্ট পতনই বাংলাদেশের সামগ্রিক অবস্থান পিছিয়ে পড়ার প্রধান কারণ।
সেন্টার ফর পলিসি ডায়ালগের ডিস্টিংগুইশড ফেলো ড. ফাহমিদা খাতুন বলেন, আগের বছরগুলোর তুলনায় রাজনীতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণ কমেছে। সরাসরি নির্বাচিত নারী সংসদ সদস্য ও মন্ত্রিসভায় নারী প্রতিনিধিত্ব কমে যাওয়ায় রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশের অবস্থান দুর্বল হয়েছে।
অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ এখনো বাংলাদেশের সবচেয়ে দুর্বল ক্ষেত্র। এ খাতে সমতার হার ৪১.৯ শতাংশে নেমেছে। অন্যদিকে শিক্ষাগত অর্জনে ৯৬.১ শতাংশ এবং স্বাস্থ্য ও বেঁচে থাকার ক্ষেত্রে ৯৬ শতাংশ সমতা রয়েছে।
দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের পর রয়েছে মালদ্বীপ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও ভারত। পাকিস্তান এ অঞ্চলে সবচেয়ে পিছিয়ে। বৈশ্বিক সূচকে টানা ১৭তম বছর শীর্ষে রয়েছে আইসল্যান্ড। ফিনল্যান্ড ও নরওয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে।
মতামত দিন