Views Bangladesh Logo

বাংলাদেশ ও সিঙ্গাপুরের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সহযোগিতার প্রতিশ্রুতি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) মিচেল লি। বুধবার (২৫ মার্চ) এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে সিঙ্গাপুর বাংলাদেশ-সিঙ্গাপুর মুক্ত বাণিজ্য চুক্তি (BSFTA) দ্রুত সম্পাদনের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেছে এবং বে টার্মিনাল প্রকল্পে সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়।

প্রতিমন্ত্রী সিডিএকে আশ্বস্ত করেন যে, বাংলাদেশ সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে পূর্ণ সহযোগিতা করবে এবং অগ্রগতি সহজতর করবে। সাক্ষাতের শুরুতেই সিডিএ প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণকে অভিনন্দন জানান, যা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের প্রতিফলন।

সিডিএ চলমান দ্বিপক্ষীয় কর্মকাণ্ড ও জনগণের মধ্যে শক্তিশালী সম্পর্কের অগ্রগতি তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, সিঙ্গাপুরে বাংলাদেশি শ্রমিকদের ইতিবাচক খ্যাতি রয়েছে এবং চাঙ্গি বিমানবন্দরের নতুন টার্মিনালসহ বড় অবকাঠামো ও ভূমি উন্নয়ন প্রকল্পে নতুন সুযোগ তৈরি হবে।

প্রতিমন্ত্রী দক্ষ ও অর্ধ-দক্ষ বাংলাদেশি শ্রমিকদের জন্য কর্মসংস্থানের সম্প্রসারণ এবং বৃত্তিমূলক প্রশিক্ষণকে সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন। এছাড়াও, তিনি বাংলাদেশে বিশেষ করে আইসিটি ও ডিজিটাল অবকাঠামো খাতে বৃহত্তর সিঙ্গাপুর বিনিয়োগের আহ্বান জানান। সিঙ্গাপুর ডিজিটাল গভর্ন্যান্স এবং আইসিটি খাতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করে।

উভয় পক্ষ বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন ও নবায়নযোগ্য জ্বালানি খাতে সম্ভাব্য বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করেন। এছাড়াও প্রতিমন্ত্রী বিদ্যমান বাণিজ্য ভারসাম্যহীনতা হ্রাস এবং রফতানিযোগ্য পণ্য সম্প্রসারণে গুরুত্বারোপ করেন। সিঙ্গাপুর খাদ্য নিরাপত্তা বৃদ্ধির জন্য খাদ্য আমদানির উৎস বহুমুখীকরণের আগ্রহ প্রকাশ করে।

প্রতিমন্ত্রী পাট, সিরামিক ও চামড়াজাত পণ্যের রফতানি বৃদ্ধিতে উৎসাহিত করেন এবং উভয় পক্ষ বাণিজ্যিক প্রতিনিধি দল বিনিময়ের মাধ্যমে যোগাযোগ সম্প্রসারণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। উভয় পক্ষ দ্বিপক্ষীয় কর্মকাণ্ডের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে এবং ঢাকায় পররাষ্ট্র দফতের পরবর্তী পরামর্শ সভার সম্ভাবনাকে স্বাগত জানায়। সাক্ষাত শেষে তারা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ