বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ কিনতে বাংলাদেশের চুক্তি সই
মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে আরও ১৪টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ৯টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই আনুষ্ঠানিক ক্রয়চুক্তি সই হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পর্ষদ চেয়ারম্যান রুমি এ হোসেন বলেন, 'বিমান নতুন রুট চালুর পরিকল্পনা করছে। পুরোনো উড়োজাহাজগুলো সরিয়ে নতুন উড়োজাহাজ নেওয়া হবে। এতে যাত্রীসেবা আরও উন্নত হবে। আমরা এরই মধ্যে ২৫ শতাংশ দেশীয় যাত্রী সেবা দিচ্ছি। বিদেশি বিমান সংস্থাগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে আরও উড়োজাহাজ প্রয়োজন।'
বোয়িংয়ের বাণিজ্যিক বিমান বিভাগের উপসভাপতি পল রিঘি বলেন, 'এই ১৪টি উড়োজাহাজ কেনার মধ্য দিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। বাংলাদেশের সঙ্গে এ চুক্তি স্বাক্ষর করে আমরা গর্বিত। এই উড়োজাহাজগুলো বাংলাদেশের যাত্রীদের আকাশপথের যাত্রা নিরাপদ ও সম্প্রসারিত করবে।'
অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, 'বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। বিমান খাতের উন্নয়নে তিনি অত্যন্ত উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়ে কাজ করছেন।'

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে