দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের মাইলফলক
দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। বুধবার (২০ মে) রাত ৯টায় দেশে ১৭ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
রাত পৌনে ১০টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, এটিই দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড। তবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে জানা গেছে, ওই সময় ৪৯৯ মেগাওয়াট লোডশেডিংও ছিল।
এর আগে দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৬ হাজার ৭৯৪ মেগাওয়াট। গত বছরের ২৩ জুলাই ওই রেকর্ড অর্জিত হয়েছিল। প্রায় ১০ মাস পর সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্পর্শ করল দেশের বিদ্যুৎ খাত।
বিদ্যুৎ খাত সংশ্লিষ্টরা বলছেন, তীব্র গরমের কারণে সন্ধ্যার পর থেকে দেশের বিদ্যুৎ ব্যবহারে সর্বোচ্চ চাপ তৈরি হয়। বিশেষ করে গ্রীষ্ম মৌসুমে আবাসিক খাতে শীততাপনিয়ন্ত্রিত যন্ত্র বা এসি এবং ফ্যানের ব্যবহার ব্যাপক বেড়ে যাওয়ায় পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা ও উৎপাদন দুই-ই বৃদ্ধি পায়।
দেশজুড়ে তাপমাত্রা বৃদ্ধির কারণে গরমের তীব্রতা বেড়ে যাওয়ায় বিদ্যুতের চাহিদাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে নতুন এই রেকর্ড অর্জিত হওয়ায় সংশ্লিষ্টরা একে স্বস্তির খবর হিসেবে বিবেচনা করছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে