Views Bangladesh Logo

পাকিস্তানকে ৪৩৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

মুশফিকুর রহিমের অসাধারণ ১৩৭ রানের ইনিংসে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৪৩৭ রানের বিশাল লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ১০২.২ ওভারে ৩৯০ রানে অলআউট হয় স্বাগতিকরা। প্রথম ইনিংসে পাওয়া ৪৬ রানের লিড মিলিয়ে মোট লক্ষ্য দাঁড়ায় ৪৩৭।

দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ১১০ রান নিয়ে মাঠে নামা বাংলাদেশকে তৃতীয় দিনে বড় সংগ্রহ এনে দেন মুশফিক। পঞ্চম উইকেটে লিটন দাসের সঙ্গে ১২৩ এবং সপ্তম উইকেটে তাইজুল ইসলামের সঙ্গে ৭৭ রানের জুটি গড়েন তিনি। ২৩৩ বলে ১২টি চার ও একটি ছক্কায় ১৩৭ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন মুশফিক। এই সেঞ্চুরিতে মোমিনুল হককে টপকে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪টি শতরানের মালিক হন তিনি। এ ছাড়া লিটন ৬৯, মাহমুদুল হাসান জয় ৫২ ও তাইজুল ২২ রান করেন।

পাকিস্তানের হয়ে খুররাম শাহজাদ ৪টি, সাজিদ খান ৩টি ও হাসান আলি ২টি উইকেট নেন। উল্লেখ্য, প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭৮ ও পাকিস্তান ২৩২ রান করেছিল।

এবার পাকিস্তানের সামনে চ্যালেঞ্জটা কঠিন— কারণ সিলেটের ইতিহাস চতুর্থ ইনিংসের বড় লক্ষ্য তাড়ার ক্ষেত্রে মোটেই সুখকর নয়। এই মাঠে এখন পর্যন্ত হওয়া পাঁচটি টেস্টে চতুর্থ ইনিংসে মাত্র একবারই সফলভাবে রান তাড়া করা সম্ভব হয়েছে। গত বছর বাংলাদেশকে তিন উইকেটে হারিয়ে মাত্র ১৭৪ রান তাড়া করে জিতেছিল জিম্বাবুয়ে। এর বাইরে চতুর্থ ইনিংসে লক্ষ্য ৩০০ ছাড়ালেই ব্যাটিং দলকে বড় ব্যবধানে হারের মুখে পড়তে হয়েছে।

বাংলাদেশও এই মাঠে চতুর্থ ইনিংসের বড় লক্ষ্যের মুখে বারবার ব্যর্থ হয়েছে। ২০১৮ সালে ভেন্যুটির অভিষেক টেস্টে ৩২১ রান তাড়া করতে নেমে জিম্বাবুয়ের কাছে ১৫১ রানে হেরেছিল টাইগাররা। ২০২৪ সালে শ্রীলঙ্কার দেওয়া ৫১১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৩২৮ রানের বিশাল পরাজয় গুনতে হয়েছিল। একই মাঠে ২০২৩ সালে ৩৩২ রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডও হেরে গিয়েছিল ১৫০ রানে।

পুরো বাংলাদেশে অনুষ্ঠিত টেস্টগুলো মিলিয়ে ৩৫০ রানের বেশি সফলভাবে তাড়া করার ঘটনা ঘটেছে মাত্র একবার — ২০২১ সালে কাইল মেয়ার্সের অবিশ্বাস্য ব্যাটিংয়ে ৩৯৫ রান তাড়া করে স্মরণীয় জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সিলেটের উইকেট এখনো ব্যাটিংয়ের জন্য সহায়ক থাকায় পাকিস্তান কতটুকু প্রতিরোধ গড়তে পারে, সেটাই এখন দেখার বিষয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ