ইউরোপের মাটিতে সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রীতি ম্যাচ আজ
বাংলাদেশের ফুটবল ইতিহাসে আজ যুক্ত হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। ইউরোপের মাটিতে প্রথমবারের মতো কোনো ইউরোপীয় দলের বিপক্ষে মাঠে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক সান মারিনোর মুখোমুখি হবে বাংলাদেশ।
বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টায় ম্যাচটি শুরু হবে। সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টিভি চ্যানেল টি-স্পোর্টস।
এই ম্যাচ দিয়েই বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে অভিষেক হচ্ছে থমাস ডুলির। দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম ম্যাচ। এর ফলে নতুন কোচের অধীনে দলের পারফরম্যান্স নিয়েও রয়েছে বাড়তি আগ্রহ।
বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮১তম। অন্যদিকে সান মারিনো রয়েছে ২১১তম স্থানে, যা বিশ্ব ফুটবলের সর্বনিম্ন র্যাঙ্কিং। তবে র্যাঙ্কিংয়ের পার্থক্য সত্ত্বেও ম্যাচটিকে সহজভাবে নিচ্ছে না বাংলাদেশ। ইউরোপের শক্তিশালী দলগুলোর বিপক্ষে নিয়মিত খেলার অভিজ্ঞতা থাকায় সান মারিনোকে কঠিন প্রতিপক্ষ হিসেবেই বিবেচনা করা হচ্ছে।
যদিও ইউরোপের মাটিতে এটি বাংলাদেশের প্রথম ম্যাচ, তবে কোনো ইউরোপীয় দলের বিপক্ষে এটাই প্রথম লড়াই নয়। এর আগে ২০০১ সালে ভারতের নেহরু কাপে বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ২-০ গোলে হেরে যায় লাল-সবুজের দল।
অন্যদিকে সান মারিনোর জন্যও ম্যাচটি বিশেষ গুরুত্ব বহন করছে। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো এশিয়ার দেশের বিপক্ষে খেলতে যাচ্ছে তারা।
ম্যাচের আগে বাংলাদেশ দলের মিডফিল্ডার হামজা চৌধুরী প্রতিপক্ষকে সমীহ জানিয়ে বলেন, সান মারিনোর বিপক্ষে ম্যাচটি মোটেও সহজ হবে না।
হামজা বলেন, “এটা অবশ্যই সহজ ম্যাচ হবে না। তারা নিয়মিত শক্তিশালী দলের বিপক্ষে খেলে। আমাদের জন্য এটি ইউরোপের মাটিতে প্রথম ম্যাচ। সব মিলিয়ে এটি দারুণ এক অভিজ্ঞতা। ইউরোপীয় একটি দলের বিপক্ষে খেলতে আমি খুবই রোমাঞ্চিত।”
নতুন কোচ, নতুন অভিজ্ঞতা এবং ইতিহাস গড়ার সুযোগ—সব মিলিয়ে সান মারিনোর বিপক্ষে আজকের ম্যাচটি বাংলাদেশের ফুটবলের জন্য হতে যাচ্ছে এক বিশেষ উপলক্ষ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে