Views Bangladesh Logo

১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

২০১০ সালের পর ইংল্যান্ডের মাটিতে আর টেস্ট খেলেনি বাংলাদেশ। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ এই অপেক্ষা শেষ হতে চলেছে আগামী বছর। জানা গেছে, আগামী মে মাসের শেষ ভাগে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে ইংলিশরা।

ব্রিটিশ পত্রিকাটি জানিয়েছে, ঘরের মাঠে অ্যাশেজ শুরুর আগে প্রস্তুতিমূলক ম্যাচ হিসেবেই বাংলাদেশকে প্রতিপক্ষ বেছে নিচ্ছে ইংল্যান্ড। ম্যাচের ভেন্যু এখনও নির্ধারিত হয়নি, তবে সম্ভাব্য স্থান হিসেবে আলোচনায় আছে ক্রিকেটের ঐতিহ্যবাহী মাঠ লর্ডস।

এই ম্যাচ মাঠে নামলে চার মাসের ব্যবধানে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট খেলে ফেলবে বাংলাদেশ। কারণ আইসিসির বিদ্যমান সফরসূচি অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসার কথা ইংল্যান্ডের, যেখানে মিরপুর ও চট্টগ্রামে দুটি টেস্ট হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে।

ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য এই ম্যাচের ভেন্যু আসলে নির্ভর করছে আরেকটি বিষয়ের ওপর— আগামী জুনে হতে যাওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কোথায় গড়াবে, তার ওপর। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এখনও সেই ফাইনালের ভেন্যু চূড়ান্ত করতে পারেনি।

ইসিবির সঙ্গে আইসিসির চুক্তি আছে, ২০৩১ সাল পর্যন্ত প্রতি দুই বছরে একটি করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজনের। চুক্তির শর্ত মতে ফাইনাল হতে হবে লন্ডনে, এবং আগের দুটি আসরে ভেন্যু হিসেবে বরাবর বেছে নেওয়া হয়েছিল লর্ডসকেই। তবে এবার পিচের মান নিয়ে শঙ্কার কারণে ফাইনালটি ওভালে সরিয়ে নেওয়ার চিন্তাভাবনা চলছে ইসিবির অভ্যন্তরে।

আগামী বছর বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষেই মোট ৯টি টেস্ট খেলবে ইংল্যান্ড। ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরের দুই টেস্ট সেরে অস্ট্রেলিয়া যাবে দলটি। টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি স্মরণে মেলবোর্নে আগামী মার্চে হবে একটি বিশেষ টেস্ট। তারপর মে মাসে বাংলাদেশের বিপক্ষে আলোচিত এই টেস্ট, এবং জুন-জুলাইয়ে আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ।

টেস্ট মর্যাদা পাওয়ার প্রথম দশকেই দুই দফায় ইংল্যান্ডে টেস্ট খেলেছিল বাংলাদেশ— ২০০৫ সালে দুটি এবং ২০১০ সালে দুটি। তারপর থেকে আর কখনও বাংলাদেশকে ইংল্যান্ড সফরে ডাকেনি স্বাগতিকরা, আইসিসির সফরসূচিতেও জায়গা হয়নি।

উল্টো দিকে, গত ১৬ বছরে ইংল্যান্ড বাংলাদেশে টেস্ট খেলতে এসেছে কেবল একবার— ২০১৬ সালে, যে সিরিজটি ১-১ ব্যবধানে ড্র হয়েছিল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ